ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে পুলিশের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে অভিযানে নেমেছে পুলিশ। গতকাল শনিবার নগরের তালাইমারী এলাকার ফুটপাতের ১৫টি অস্থায়ী দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে তালাইমারী এলাকায় রাস্তার দক্ষিণ পাশের ফুটপাত দখল করে চায়ের দোকান স্থাপনসহ মাছ, মাংস, সবজি ও ফলমূলের বাজার বসত। অনেকেই টিনের চালা তৈরি করে দীর্ঘদিন সেখানে ব্যবসা করছিলেন।
গত বুধবার মহানগর পাতায় ‘অধিকাংশ ফুটপাত দখল, ভোগান্তি’ শিরোনামে খবর প্রকাশিত হয়। পরের দিন পুলিশের পক্ষ থেকে নিজ দায়িত্বে ফুটপাত থেকে দোকান সরিয়ে নিতে মাইকযোগে বলা হয়। তার পরও ব্যবসায়ীরা দোকান না সরালে পুলিশ এ অভিযান চালায়।
তালাইমারী এলাকাটি বোয়ালিয়া থানার অন্তর্গত। এটি মতিহার থানার সীমানাসংলগ্ন। তাই এ অভিযানে নগরের বোয়ালিয়া ও মতিহার থানার পুলিশ এবং মহানগর ট্রাফিক পুলিশ অংশ নেয়।
পুলিশ জানায়, গতকাল সকালে ফুটপাত থেকে সব দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় পুলিশ। এ সময় স্থানীয় কাউন্সিলর তরিকুল আলম রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত দোকানগুলো উচ্ছেদ না করতে অনুরোধ করেন। তবে তাঁর অনুরোধ রাখা হয়নি। পুলিশের উপস্থিতিতে দোকানিরা যার যার দোকান সরিয়ে নেন।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবহান জানান, ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপন করায় এসব দোকান উচ্ছেদ করা হয়েছে।