ফুটপাতের বেচাবিক্রি জমে উঠছে
প্রিয়জনের মুখে হাসি ফোটাতে চাই নতুন কাপড়। সামর্থ্য কম, তাই নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষের কেনাকাটায় ফুটপাতই ভরসা। ঈদ ঘিরে বিক্রি বাড়ছে নগরের ফুটপাতগুলোর দোকানে।
নিউমার্কেট, আগ্রাবাদ, ষোলশহর ২ নম্বর গেট, বাদামতলী, চৌমুহনী, আন্দরকিল্লা, বহদ্দারহাট, জিইসি, চকবাজার, দেওয়ানহাট, পতেঙ্গা ইপিজেড মোড়সহ নগরের বিভিন্ন জায়গার ফুটপাতগুলোতে কাপড়ের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। সেখানে গেলেই এখন শোনা যাবে বিক্রেতারদের হাঁকডাক। শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ, শার্ট, প্যান্ট, শিশুদের পোশাকসহ সব ধরনের নতুন কাপড় বিক্রি হচ্ছে ফুটপাতের ওপর।
অনেক পোশাক কারখানাতে বোনাস হয়নি। তাই নিম্নবিত্তের ঈদবাজার পুরো জমে উঠতে আরও দু-এক দিন দেরি হবে বলে মনে করছেন ফুটপাতের পোশাক বিক্রেতারা। তার পরও বেচাবিক্রি মন্দ নয়। ফুটপাতে শিশুদের পোশাকই এখন পর্যন্ত বেশি বিক্রি হচ্ছে বলে জানা গেল।
নগরের রিয়াজউদ্দিন বাজার ফুটপাতে সন্তানদের জন্য নতুন কাপড় কিনতে আসেন পোশাকশ্রমিক কামরুন নাহার। এ-দোকান ও-দোকান ঘুরে ৩০০ টাকায় মেয়ের জন্য সালোয়ার কামিজ কিনতে সমর্থ হন। প্রথম আলোকে তিনি বলেন, ‘এখনো বোনাস পাইনি। তার পরও দুই ছেলেমেয়ের জন্য কাপড় কিনতে এলাম। নিজের জন্য কিনতে পারব কি না, জানি না। দামও বেশি মনে হচ্ছে।’
তবে দাম বেশির অভিযোগ অস্বীকার করলেন বিক্রেতারা। হাবিবুল্লাহ নামের একজন বিক্রেতা বললেন, ‘এখানে গরিবরাই বেশি কিনতে আসেন। দাম বেশি বললে তো আমরাই লসে পড়ব।’
ফুটপাত ছাড়াও রাস্তায় ভ্যানের ওপর বিক্রি হচ্ছে নানা ধরনের পোশাক। নিউমার্কেটের পাশের রাস্তায় শার্ট দেখছিলেন আনোয়ারউদ্দিন নামের এক ব্যক্তি। বললেন, ‘বড় মার্কেটে এসব শার্টের দাম অনেক বেশি। সেগুলো কেনার সামর্থ্য আমাদের নেই। প্রতিবছর ফুটপাত থেকেই কিনি। এখানে সুন্দর ডিজাইনের নতুন কাপড় পাওয়া যায়।’
নগরের ফুটপাতগুলোতে শিশুদের পোশাক বিক্রি হচ্ছে ১২০ থেকে ৫০০ টাকার মধ্যে। শিশুদের পোশাকের মধ্যে ঘের দেওয়া ফ্রক আর সালোয়ার কামিজের বিক্রি বেশি বলে জানান বিক্রেতারা। ছেলে শিশুদের জন্য বেশি বিক্রি হচ্ছে বেবিস্যুট। বড়দের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে ২৫০-৩০০ টাকা। সালোয়ার কামিজ বিক্রি হচ্ছে ৩০০-৫০০ টাকা। শার্ট, টি-শার্টের দাম ১২০ থেকে ২৫০ পর্যন্ত। প্যান্ট বিক্রি হচ্ছে ২০০-৩০০ টাকা। মেয়েদের জুতা পাওয়া যাচ্ছে ১০০-২৫০ টাকা। ছেলেদের জুতা বিক্রি হচ্ছে ১৫০-৩০০ টাকা।
বিক্রি বাট্টায় এখনো পুরোপুরি সন্তুষ্ট নন বিক্রেতারা। ষোলশহর ২ নম্বর গেট এলাকার ফুটপাতের বিক্রেতা ফয়সাল বললেন, ‘আস্তে আস্তে ক্রেতা বাড়ছে। ফুটপাতে তো আমাদের মতো গরিবরাই কিনতে আসে। ২৫ রোজার পরে বেচাবিক্রি আরও বাড়বে বলে আশা করছি।’
ফুটপাতের পাশে দাঁড়ানো রিকশাচালক মো. হানিফও সায় দিলেন বিক্রেতার কথায়। জানালেন, শেষ রোজার দিন নিজের ও পরিবারের জন্য কাপড় কিনবেন তিনি।