ফুটপাতের ভাঙা অংশ সড়কের ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটপাত ভেঙে এলোপাতাড়িভাবে ধ্বংসাবশেষ রাখা হচ্ছে প্রধান সড়কে। সেই সঙ্গে নতুন নির্মাণসামগ্রীও। পড়ে থাকছে খালি রিকশা-ভ্যান। ফলে ব্যস্ত সড়কে বাঁধছে যানজট। গতকাল মঙ্গলবার নগরীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও ফকিরাপুল বাজার এলাকা ঘুরে এ দৃশ্য দেখা যায়।
বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ভাসানী স্টেডিয়ামের দিককার ফুটপাত ভাঙা হচ্ছে প্রায় এক সপ্তাহ ধরে। স্টেডিয়ামের ফটক এলাকা থেকে পাতাল মার্কেটের উত্তর-পশ্চিম সিঁড়ি পর্যন্ত চলছে এই ভাঙার কাজ। গতকাল সকালে গিয়ে দেখা যায়, ফুটপাত ভেঙে ধ্বংসাবশেষ রাখা হয়েছে সামনের প্রধান সড়কে। ভাঙা ব্লক, স্ল্যাব, ইটের টুকরা ছড়িয়ে আছে। স্থানীয় দোকানিরা অভিযোগ করেন, আগের দিনের ভাঙা সামগ্রী সরানো হয় না। পরদিন নতুন করে ভাঙা সামগ্রী রাখা হয় সড়কের ওপরেই। এতে সড়কে এসবের স্তূপ জমে যায়।
ওই ফুটপাতে বেচাকেনা হয় মুঠোফোনের চার্জার, কভার, ব্যাটারিসহ নানা সামগ্রীর। ভাঙার কাজ শুরুর পর এগুলোর হকাররা প্রায় বেকার। কেউ কেউ চেষ্টা করেছেন সীমানাদেয়ালের ভেতরে স্টেডিয়ামের বারান্দার সামনে বসতে। কিন্তু সেখানে আগে থেকে বসা হকাররা তাঁদের বসতে দেননি। কারণ, পুরোনোদেরই জায়গা হচ্ছে না। পরে এসব হকার ভাসমানভাবে বসছেন ভাঙা নির্মাণসামগ্রীর সামনে, রাস্তার ওপর। তবে এই হকারদের ক্ষোভ, পাঁচ মিনিটের জন্যও স্থিরভাবে বসতে পারছেন না। কোনো কোনো হকারের অভিযোগ, ফুটপাতে বসতেন তাঁরা প্রতিদিন চাঁদা দিয়ে। এখন দৌড়ের ওপর আছেন, তারপরও ট্রাফিক পুলিশ চাঁদা চায়। একইভাবে রাজধানীর আরামবাগ এলাকা থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়ক গতকাল দিনভর প্রচণ্ড যানজট ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে ফকিরাপুল বাজার এলাকায় গিয়ে দেখা যায়, যানবাহন একেবারেই চলছে না। বাজারের সামনে ভাঙা স্ল্যাব, ইটের স্তূপ। সেখানে ভাঙার কাজ করার পর সেগুলো রাখা হয়েছে প্রধান সড়কে। তারও সামনে অন্তত ১০টি রিকশা-ভ্যান। এখানে অচলাবস্থার কারণে পুরো এলাকায় সমস্যা হচ্ছে বলে মন্তব্য করেন কর্তব্যরত একজন ট্রাফিক পুলিশ।
এখান থেকে যানবাহন কিছুটা চলার পর দীর্ঘ সময় আটকে থাকছে ফকিরাপুল ও কাকরাইল সিগন্যালে। রাজারবাগ পুলিশ লাইনসের দিক থেকে এবং রাজউক এক্সটেনশন রোডের দিক থেকে আসা যানবাহনও দীর্ঘ সময় আটকে থাকছে। সড়ক ও ফুটপাত সংস্কারে এ ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে কেন, জানতে চাইলে সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নূরুল আমিন বলেন, মেরামতকাজে সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখার নির্দেশ দেওয়া আছে। তবে অনেক সময় ঠিকাদারের শ্রমিকেরা নিজেদের নিরাপত্তার জন্য ভাঙা সামগ্রী দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে।