
এই মেয়েটির নাম ফাতেমাতুজ্জোহরা। ও বলে, আমার তিনটা নাম-ফাতেমাতুজ্জোহরা, শুকুরি আর রাত্রি।
ওর বয়স কত?
ওর মা কোহিনুর বলেন, ১০।
না না, আমার বয়স ১১।
ওর মা বলেন, স্যার, আওয়ামী লীগ ভোটে জিতল, ১০ বছর হইছে না? ওই বছর জন্ম।
ফাতেমা বলে, আমার বয়স কত, আমারে জিগান, আমি বলি-আমার বয়স ১১।
ওর মায়ের দুই পা-ই পক্ষাঘাতগ্রস্ত। জ্বর হয়েছিল। তারপর পা বাঁকা হয়ে গেছে। তিনি চলেন হুইলচেয়ারে।
বিক্রমপুরের মেয়ে। তাঁর বিয়েও হয়েছিল বিক্রমপুরের এক যুবকের সঙ্গে। স্বামী কামরাঙ্গীরচরে বাসা নেন। ডাব বিক্রি করতেন ভ্যানে করে। কারওয়ান বাজারে ডাব কিনতে গেছেন। দুই ট্রাকের ফাঁকে পড়ে মারা যান।
কোহিনুর বেগমের তখন দুই মেয়ে। বড়টার বয়স ৫, ছোটটার কেবল জন্ম হয়েছে। তিনি দুই মেয়ে নিয়ে ঘর ছাড়েন। ঘরে থাকলে ভাড়া দিতে হবে, ঘরভাড়া দেবে কে?
তিনি এসে আশ্রয় নেন ঢাকার ধানমন্ডি ৮ নম্বর সেতুর কাছে। ফুটপাতে। আমি প্রায়ই সকালবেলা দেখি, একটা ফুটপাতের শিশু স্কুলের পোশাক পরছে। মা তার চুল আঁচড়ে দিচ্ছেন। মা নিজে হাঁটতে পারেন না। হুইলচেয়ারে বসা। তাঁর ফুটফুটে মেয়েটা স্কুলে যায়।
আমাকে দেখলেই তারা খুশি হয়ে ওঠে। স্যার স্যার, প্রথম আলোর অনুষ্ঠান করবেন কবে?
ধানমন্ডি ৮ নম্বরে সড়কের পাশে রবীন্দ্রসরোবর মঞ্চে আমরা প্রায়ই অনুষ্ঠান করতাম। ওরা আমাকে দেখত।
২ মার্চ ২০১৮ শুক্রবার সকালে ধানমন্ডি লেকের পাশ দিয়ে হাঁটছি। দেখেই দুজনে ডেকে ওঠে, স্যার স্যার।
আমি বলি, এই, এদিকে আয়। কী অবস্থা?
১০ বছরের ফাতেমা আসে। ভালো স্যার। আপনে কেমন? জি, ভালো।
কোন ক্লাসে উঠলি? ক্লাস টু।
সুরভি স্কুলে? জি স্যার।
কয় ভাইবোন? আরেকটা বোন আছে।
ও কই? বাড়িতে থাকে। ক্লাস ফাইভে পড়ে।
তুই বড় হয়ে কী হবি? ডাক্তার আর ইঞ্জিনিয়ার।
তারপর বলে, স্যার, আমার বোনের নাম নিশি। সে ভার্সিটিতে পড়ে। ক্লাস ফাইভ ভুলে বইলা ফেলছি।
ওর মায়ের কাছে যাই।
নিশি কই? ওকে বাড়িতে রাখছি।
এখানে আপনারা কই থাকেন? ফুটপাতে থাকি।
বৃষ্টি আসলে কী করেন?
পলিথিনের ঘর বানাই।
রান্না করেন কোথায়?
ফুটপাতেই করি।
গোসল করেন কোথায়?
লেক দেখিয়ে দেন, এই পুষ্করিণীর পানিতে।
বাথরুম যান কোথায়?
৬ নম্বরে পাবলিক টয়লেট আছে।
আপনার আয় হয় কোত্থেকে?
ভিক্ষা করি।
কত পান? এক শ, দেড় শ।
তাতে চলে?
ফাতেমা বলে, আমার পিছনেই এক শ টাকা যায়।
তুই কারও বাড়িতে থাকতে পারিস না ফাতেমা?
স্যার, বাড়িতে রাখলে কাম করতে কইব। না পারলে মাইর দিব।
তুই এখানেই ভালো আছিস। এত যে মা আর মেয়ে দুজনেই হাসছিস। স্বাধীন জীবন?
না স্যার। মা স্বাধীনতা দেয় না। খালি পড়তে কয়।
ওর মা বললেন, এক আওয়ামী লীগ নেতা ফাতেমাকে বাড়িতে রেখে মানুষ করতে চেয়েছেন। ফাতেমা রাজি না। সেই নেতা ওর নাম দিয়েছেন রাত্রি।
বড় বোন নিশি। তার সঙ্গে মিলিয়ে নিশ্চয়ই এই নামকরণ।
আমার প্রশ্ন আর দুশ্চিন্তা যায় না। বৃষ্টি হলে, ঝড় হলে শীতকালে ওরা কী করে?
যতই এই প্রশ্ন করি, এমন একটা হাসি দেয়, আর বলে পলিথিন আছে না, আমি থই পাই না।
ওদের প্রতিবেশী আরেকটা পরিবার রাস্তার আরেক পাশে থাকে। মহিলার পাঁচ সন্তান। সব ছোট ছোট। তাঁর ¯স্বামী আরেকটা বিয়ে করে তাঁকে রেখে চলে গেছেন।
বৃষ্টি এলে কাকেরা কোথায় যায়, শালিক পাখিরা কোথায় যায়, এই প্রশ্নের যেমন উত্তর জানি না, এই মানুষগুলোর প্রতিটা দিনরাত্রি কীভাবে কাটে, কোনো তল পাই না। কিন্তু তারা শুধুই হাসছে।
কোহিনুর মেয়েকে জড়িয়ে ধরেন, আর বলেন, দোয়া করেন স্যার, মেয়েটা ডাক্তার হইতে চায়...