ফুটপাত-সড়কে বাজার

মিরপুর ১ নম্বর সেকশনের প্রিন্সিপাল আবুল কাশেম সড়কের পাশে গড়ে তোলা হয়েছে অবৈধ দোকানপাট। এতে পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ডেলটা মেডিকেল কলেজ-সংলগ্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) পাশ থেকে টোলারবাগ আবাসিক এলাকার সামনের ফুটপাত ও সড়কের একাংশ দখল করে দেড় শতাধিক অবৈধ দোকানপাট গড়ে তোলা হয়েছে। কী নেই সেখানে! আছে রেস্তোরাঁ থেকে শুরু করে সেলন। মুদি, মুরগির দোকান, শাকসবজিসহ মৌসুমি ফলের দোকান তো আছেই। শুধু ফুটপাত নয়, মূল সড়কের ওপরও দোকান বসানো হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, প্রতিদিন সকাল থেকে মাঝরাত পর্যন্ত এসব দোকানে বেচাকেনা চলে। ফুটপাত ও সড়ক দখল করে বাজার বসানোর কারণে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হয়। এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে। তা ছাড়া সড়কে যানজটেরও সৃষ্টি হয়।
টোলারবাগ আবাসিক এলাকার বাসিন্দা সারোয়ার হোসেন বলেন, ‘প্রতিদিন এই পথ দিয়ে আমাকে চলাচল করতে হয়। ফুটপাত ছাড়িয়ে সড়কে দোকান বসানোর কারণে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাফেরা করতে হয়।’
স্থানীয় বাসিন্দারা বলেন, সকাল-বিকেল এসব দোকানে ক্রেতাদের ভিড় বেশি থাকে। তখন সড়কের বেশির ভাগই দখলে চলে যায়। সে সময় যানজটের সৃষ্টি হয়। সেই যানজট কখনো কখনো টেকনিক্যাল পর্যন্ত চলে যায়।
এ বিষয়ে মিরপুর ট্রাফিক জোনের সহকারী কমিশনার (এসি) আবু তৈয়ব বলেন, ‘যখন সেখানে যানজট হয়, তখন আমাদের লোকজন গিয়ে অথবা রেকারিং করে সড়ক থেকে ব্যবসায়ীদের উঠিয়ে দেওয়া হয়।’
দোকান বসাতে কারও কাছ থেকে অনুমতি নিয়েছেন কি না, এ প্রশ্ন করা হলে একেকজন একেক উত্তর দেন। একজন সবজি দোকানি বলেন, ‘বছরখানেক ধরে এখানে দোকানদারি করি। এই এলাকায় আশপাশে বড় কাঁচাবাজার নেই। তাই সিটি করপোরেশন এখানে বাজার বসানোর অনুমতি দিয়েছে। দোকানের ভাড়াও দিই।’ কত টাকা ভাড়া দেন এবং কাকে দেন, এই প্রশ্নে তিনি কিছু বলতে রাজি হননি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, দোকান বসানোর কোনো অনুমতি দেওয়া হয়নি। বাজারটির কোনো বৈধতা নেই। সিটি করপোরেশন ওই জায়গায় তিনবার উচ্ছেদ অভিযান চালিয়েছে। বাজারের অবৈধ বিদ্যুৎ-সংযোগগুলোও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। পরে ব্যবসায়ীরা পাশের আবাসিক ভবন থেকে বিদ্যুৎ-সংযোগ এনেছেন।
কাউন্সিলর বলেন, ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয় লোকজন, পুলিশ এমনকি দলীয় লোকজনও সম্পৃক্ত। তাই বারবার উচ্ছেদের পরও দোকানিরা বসে যান।