ফুটপাত-সড়কে হকার, দুর্ভোগ পথচারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে লক্ষ্মীবাজার মোড় পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠেছে দেড় শতাধিক অস্থায়ী দোকান। এতে পথচারী ও যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
পথচারীরা বলেন, ফুটপাতে দোকান থাকায় তাঁরা বাধ্য হয়ে সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এসব দোকানের কারণে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এই সড়কে যানজটের সৃষ্টি হয়।
গতকাল সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বাহাদুর শাহ পার্ক-সংলগ্ন ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুলের পশ্চিম ফটক থেকে লক্ষ্মীবাজার পর্যন্ত সড়কে দক্ষিণ পাশে অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন শতাধিক হকার। ফুটপাতে দাঁড়িয়ে কেনাকাটা করছেন ক্রেতারা। জায়গা না পেয়ে সড়কের পাশ ঘেঁষে চলাচল করছে পথচারীরা। একইভাবে কবি নজরুল সরকারি কলেজ ও ঢাকা মহানগর মহিলা কলেজের সামনে থেকে লক্ষ্মীবাজারের সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনের ফুটপাত পর্যন্ত চা-পানসহ হরেক রকমের আরও অর্ধশতাধিক দোকানপাট। এসব দোকানের বর্জ্য সড়ক ও ফুটপাতে ছড়িয়ে আছে। এ ছাড়া পথচারীরা সড়কের পাশ ঘেঁষে চলাচল করায় যানজটের সৃষ্টি হয়েছে।
গতকাল স্কুলপড়ুয়া ছেলেকে নিয়ে লক্ষ্মীবাজার থেকে হেঁটে বাংলাবাজারে যাচ্ছিলেন আতিউল্লাহ। এ সময় কথা হয় তাঁর সঙ্গে। আতিউল্লাহ বলেন, তাঁর ছেলে মো. নাহিয়ান লক্ষ্মীবাজারের একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে। তিনি নিজেই ছেলেকে স্কুলে আনা-নেওয়া করেন। কিন্তু ফুটপাতে দোকানপাটের কারণে চলাচল করা কঠিন।
ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুলের এক শিক্ষক বলেন, দুপুর ১২টা বাজতেই স্কুলের প্রধান ফটকের সামনে পণ্য নিয়ে বসতে শুরু করে হকাররা। এর আগে সকাল নয়টা থেকেই আশপাশের ফুটপাতে বসে তারা। এতে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে।
কয়েকজন হকার বলেন, মাঝেমধ্যে সিটি করপোরেশন ও পুলিশ তাঁদের তুলে দেয়। পরে ‘লাইনম্যানের’ সহযোগিতায় তাঁরা আবার বসেন।
জানতে চাইলে ডিএসিসির অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান প্রথম আলোকে বলেন, সপ্তাহে দুই দিন এলাকার সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদে ডিএসসিসির মেয়রের নির্দেশনা আছে। এই নির্দেশনা অনুযায়ী লক্ষ্মীবাজারের ওই সড়কেও অভিযান চালানো হয়েছে। শিগগিরই আবার অভিযান চালানো হবে।