ফুটপাথের হকার উচ্ছেদের বিরোধিতা করলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফুটপাথ থেকে হকার উচ্ছেদের বিরোধিতা করে জাসদের সাংসদ মইন উদ্দীন খান বাদল বলেন, এর ফল ঘুরেফিরে সরকারের ওপর এসে পড়বে।

গতকাল মঙ্গলবার সংসদে এক অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বেশ কয়েক দিন ধরে ঢাকা শহর কর্তৃপক্ষ ও বুলডোজারের সঙ্গে হকারদের বিরোধ চলছে। আমাদের চোখের সামনে হকারদের জীবন-জীবিকা ধ্বংস করা হচ্ছে।... আমরা লক্ষ করছি, দুই মেয়র হঠাৎ করে ঢাকা শহরকে বিশ্বের সবচেয়ে সুন্দর শহর বানিয়ে ফেলার একটা প্রচণ্ড প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যাচ্ছেন।

বাদল আরও বলেন, আমরা দ্রুত এগোচ্ছি। তার পাশাপাশি এটাও সত্য, বাংলাদেশের মাত্র ১০ শতাংশ লোকের কাছে ৪৭ ভাগ সম্পদ। ৪০ শতাংশ লোকের কাছে আছে মাত্র ১৩ শতাংশ সম্পদ। এই বাস্তবতায় ফুটপাতের অর্থনীতি বলে একটা অর্থনীতি আছে। যতই চোখধাঁধানো বিপণি বিতান হোক না কেন, সাধারণ ক্রেতারা ওখানে ঢুকতে পারেন না।

স্পিকারের উদ্দেশে বাদল বলেন, ‘২০১৪ সালের ভারতীয় লোকসভা হকার ও পথবিক্রেতাদের সুরক্ষার জন্য একটি আইন পাস করেছে। আপনার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে বলতে চাই, এ বিষয়ে আইনের বিষয়টি তাঁরা যেন বিবেচনা করেন।’