ফুটফুটে তাজিনের শরীরে এখন শুধু নির্যাতনের চিহ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎ​সাধীন তাজিন (৮)। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎ​সাধীন তাজিন (৮)। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

তাজিন আক্তারের বয়স আট। সে সাত মাস আগে গৃহকর্মীর কাজ পেয়ে যখন বাড়ি ছাড়ে, তখন তার ছিল ফুটফুটে চেহারা। এখন তার সারা শরীরে শুধু নির্যাতনের চিহ্ন।
তাজিন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের পূর্ব জগৎবেড় এলাকার বাসিন্দা। তারা ছয় বোন। বাবা ইউসুফ আলী বাক্প্রতিবন্ধী। মা আয়েশা বেগম কষ্ট করে সংসার চালান। আয়েশা পরিবারের চাহিদা মেটাতে দুই মেয়েকে ঢাকায় গৃহকর্মীর কাজ করতে পাঠান। ২০১৫ সালের নভেম্বরে তিনি তাজিনকেও ঢাকায় পাঠান।
আয়েশা বলেন, তাজিনের বড় বোন তারিন ঢাকায় এক বাড়িতে কাজ করে। তাঁর (তারিনের গৃহকর্ত্রী) বোন নিলুফা ইয়াসমিনের বাসায় কাজ করানোর জন্য তাজিনকে পাঠান আয়েশা। নিলুফারের মা তাঁকে (আয়েশা) বলেছিলেন, নাতিদের দেখভালের জন্য তাঁরা তাজিনকে নিয়ে যাচ্ছেন। নিলুফারের বাসা ঢাকার উত্তরায়। প্রথম প্রথম প্রায়ই মুঠোফোনে মেয়ের খোঁজখবর নিতেন তিনি। কিন্তু এক-দুই মাস যেতে না যেতেই যোগাযোগ বন্ধ হয়ে যায়। তাঁর মেয়ের ওপর নির্যাতন চালাতে থাকেন নিলুফার ও তাঁর স্বামী মোস্তাফিজুর রহমান।
তাজিনের প্রতিবেশীরা বলেন, নিলুফারের বাড়ি হাতীবান্ধার পূর্ব সির্ন্দনা এলাকায়। মোস্তাফিজুর তাঁর লোক দিয়ে গত শুক্রবার তাজিনকে হাতীবান্ধায় পাঠান। নিলুফারের পরিবারের লোকজন তাজিনকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। লোকমুখে খবর পেয়ে তাজিনকে সেখান থেকে ফেরত আনেন আয়েশা। পরে পুলিশকে বিষয়টি জানান। পুলিশের তত্ত্বাবধানে তাকে আবার গত সোমবার পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আয়েশা অভিযোগ করে বলেন, তাজিনের তলপেটসহ গোটা শরীরে আঘাতের চিহ্ন। তার মাথার চুল ফেলে দেওয়া হয়েছে। গরম পানি ও গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া হতো তাজিনের শরীরে। নিজের মেয়ের এ অবস্থা দেখে তিনিও শিউরে ওঠেন।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. মুসা আলী বলেন, শিশুটির শরীরে অসংখ্য নির্যাতনের ক্ষত রয়েছে। শরীরে রক্তশূন্যতা দেখা দিয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজন। হাত-পা ভেঙে গেছে কি না, তা জানার জন্য পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শাজাহান আলী বলেন, তাজিনের পরিবারকে পুলিশি ও আইনি সহায়তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর। আয়েশা বাদী হয়ে থানায় নিলুফার, মোস্তাফিজুর ও নিলুফারের মা ছালেহা খাতুনকে আসামি করে মামলা করেছেন।
এ বিষয়ে কথা বলার জন্য তাঁদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়।
ওসি অবনী শংকর কর বলেন, তাজিনকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। ঘটনাটি জেনে তাৎক্ষণিকভাবে লালমনিরহাট পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলামের সঙ্গে পরামর্শ করে তাকে পুলিশি ও আইনি সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রয়োজনে তাজিনের উন্নত চিকিৎসার জন্য পুলিশের উদ্যোগে তাকে ঢাকায় পাঠানো হবে।