ফুটবল কিনতে গিয়ে প্রাণ গেল শিক্ষক-ছাত্রের

নওগাঁর মান্দায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষক ও ছাত্র নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উপজেলার সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন (৩৬) এবং একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুমন হোসেন (১১)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে সৈয়দপুর বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন ও একই বিদ্যালয়ের শিক্ষার্থী সুমন মোটরসাইকেলে করে সুতিহাট বাজারে ফুটবল কিনতে যাচ্ছিলেন। সৈয়দপুর-নীলকুঠি সড়ক হয়ে নীলকুঠি মোড়ে রাজশাহী-নওগাঁ মহাসড়কের উঠতেই রাজশাহী থেকে নওগাঁগামী একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা দুজনেই রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গাফফার বলেন, তাদের স্কুল বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। শিক্ষার্থীদের অনুশীলনের জন্য ফুটবল কিনতে সহকারী শিক্ষক কামাল হোসেন সুতিহাট বাজারে যাচ্ছিলেন। মোটরসাইকেলের পেছনে বসে ফুটবলটি ধরে রাখার জন্য কামাল বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুমনকে সঙ্গে নেন। সুতিহাট যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুজনেরই মৃত্যু হয়। শিক্ষার্থী সুমন ছিলেন বিদ্যালয়ের ছেলেদের ফুটবল টিমের ক্যাপটেন এবং সে ভালো শিক্ষার্থী ছিল বলে তিনি জানান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, বাসের ধাক্কায় ছিটকে পড়ে দুজনেই মাথায় আঘাত পান। এতে দুজনেরই মৃত্যু হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।