ফুটবল খেলা দেখতে ভিড়, চাল ভেঙে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। তাই আয়োজনের কমতি ছিল না। মাঠের চারপাশে ছিল উপচে পড়া ভিড়। বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা ছিল। তবু ঘটেছে বিপত্তি। একটি বিদ্যালয়ের টিনের চাল ভেঙে ২৫ জন আহত হয়েছে। স্থানীয় একটি সড়কে যান চলাচল সাত ঘণ্টা বন্ধ ছিল। দুর্ঘটনা এবং সড়কে যান চলাচল বন্ধ থাকার পরও খেলা দেখতে পেরে দর্শকেরা ভীষণ খুশি।
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া উচ্চবিদ্যালয় খেলার মাঠে গতকাল শনিবার বিকেলে এ খেলার আয়োজন করা হয়। দর্শকদের চাপের কারণে পুরুড়া চৌরাস্তা থেকে কেন্দুয়া পর্যন্ত পাঁকা রাস্তায় বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে।
পুরুড়া আঞ্চলিক সংঘের উদ্যোগে প্রয়াত মুক্তিযোদ্ধা আবদুর রাশিদ ও রাউতি ইউপির প্রয়াত সাবেক চেয়ারম্যান হালিম দাদ খান স্মরণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল খেলায় তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের এবি ফ্যাশন মেকার হরিগাতি ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুঁড়া ইউনিয়নের পেমই যুব সংঘ অংশ নেয়।
খেলা দেখার জন্য বেলা ১১টা থেকে তাড়াইল, কেন্দুয়া, নান্দাইল, মদন, করিমগঞ্জ ও কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে বিপুল পরিমাণ দর্শক আসতে শুরু করে। বিকেল তিনটার দিকে মাঠের চারপাশ, বিদ্যালয়ের ভবন, দুই দিকের রাস্তা, পুকুরপাড় জনসমুদ্রে পরিণত হয়। সোয়া ১১টায় মাঠে কথা হয় নান্দাইল থেকে খেলা দেখতে আসা রুহুল আমিনের সঙ্গে। তিনি বলেন, ‘প্রচুর ভিড় হবে এটা আগেই জেনেছি, মাঠে বসে যাতে খেলা দেখতে পারি সেই জন্য আগেই চলে এসেছি।’ একই সময় গাছে বসা অবস্থায় স্কুলছাত্র মোস্তাফিজ বলে, ‘নিচ জায়গা নাই তাই, গাছে উঠেছি খেলা দেখার জন্য।’
আয়োজক সংগঠনের সভাপতি ইকবাল হক বলেন, খেলা দেখার জন্য এখানে অর্ধলক্ষাধিক মানুষ এসেছে। আয়োজকদের পক্ষ থেকে মাঠের উত্তর দিকে একটি বড় পর্দা বসিয়ে মাঠ থেকে ক্যামেরার সাহায্যে ধারণকৃত খেলা ওই বড় পর্দায় দেখানো হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাড়াইল থানা পুলিশের পাশাপাশি কিশোরগঞ্জ থেকে দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। খেলা শুরু হওয়ার আগে দর্শকদের চাপে পুরুড়া উচ্চবিদ্যালয়ের দুটি টিনশেড ভবনের চাল ভেঙে কমপক্ষে ২৫ জন আহত হয়। আহতদের পুরুড়া বাজারে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।
খেলায় পেমই যুব সংঘ ৩-০ গোলে এবি ফ্যাশন মেকার হরিগাতিকে পরাজিত করে। চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়া দলের অধিনায়কদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সাংসদ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। এ সময় কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান, তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।