ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। গতকাল শনিবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন রবিন, বিপুল, শোভন, আবিদ ও দ্বীপ। এঁদের মধ্যে কেবল বিপুল দ্বিতীয় বর্ষের, বাকিরা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীর ভাষ্য, গতকাল বিকেলে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলায় গোল দেওয়াকে কেন্দ্র করে দ্বিতীয় বর্ষের দর্শক সারিতে বসা শিক্ষার্থীরা প্রথম বর্ষের শিক্ষার্থী রবিনের ওপর হামলা চালান। এ সময় তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে প্রাথমিকভাবে সমঝোতা হয়। তবে এ ঘটনার জের ধরে রাত নয়টার দিকে প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে সংঘর্ষ হয়। এতে পাঁচ শিক্ষার্থী আহত হন। তাঁদের বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্রে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর উজ্জ্বল কুমার নাথ প্রথম আলো ডটকমকে বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।