ফুটবল জয়ের দৃঢ় প্রত্যয় ছাত্রীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে মাসুদ-উল হক ইনস্টিটিউট মাঠে মেয়েদের ১৫ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে। গতকাল মাঠে শারীরিক কসরত করছে প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা l প্রথম আলো
চাঁপাইনবাবগঞ্জে মাসুদ-উল হক ইনস্টিটিউট মাঠে মেয়েদের ১৫ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে। গতকাল মাঠে শারীরিক কসরত করছে প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা l প্রথম আলো

‘হামরা ফুটবলকে খুব ভালোবাসি। তাই হামরা ফুটবল লিয়াই ফুটতে চাই। খেলতে চাই বড় বড় মাঠে। একের পর এক ছিনিয়ে আনতে চাই জয়।’
চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রীদের ১৫ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী দিনে গতকাল শনিবার সদর উপজেলার মাসুদ-উল হক ইনস্টিটিউটের কয়েকজন সাঁওতাল ছাত্রী এই প্রত্যয় ব্যক্ত করে।
মাসুদ-উল হক ইনস্টিটিউটের এই খুদে ফুটবলাদের পায়ের জাদুতেই বিদ্যালয়টি ২০১১ সাল থেকে আন্তবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় জেলা পর্যায়ে টানা পাঁচবার ও বিভাগীয় পর্যায়ে দুবার চ্যাম্পিয়ন হয়।
আন্তর্জাতিক সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের উদ্যোগে মাসুদ-উল হক ইনস্টিটিউট মাঠে এই প্রশিক্ষণে চারটি উচ্চবিদ্যালয়ের ৩২ জন ছাত্রী অংশ নেয়। এদের ১৮ জনই সাঁওতাল। তাদের ১৩ জনের বাড়ি জুগিডাইং গ্রামে। প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা ফুটবল দলের প্রশিক্ষক হুমায়ন কবীর ও ইনস্টিটিউটের শরীরচর্চার শিক্ষক ওহেদুল ইসলাম। প্ল্যান ইন্টারন্যাশনালের পক্ষে ব্যবস্থাপনায় ছিলেন শিল্পী খাতুন।
মাসুদ-উল হক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক নাসিউল আলম প্রথম আলোকে বলেন, ‘আমার এই ফুটবলার ছাত্রীরা অত্যন্ত প্রতিভাধর। এদের কল্যাণেই নিজ জেলায় আজ আমাদের মুখ উজ্জ্বল হয়েছে। সুযোগ পেলে এরা অনেক বড় ফুটবল খেলোয়াড় হবে।’