ফুটবল প্রশিক্ষক থেকে ইউপি চেয়ারম্যান

দরিদ্র চা-শ্রমিক পরিবারের কিশোরসহ সিলেটের জৈন্তাপুরের চারিকাটা ইউনিয়নের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তিনি গড়েছিলেন কিশোর ফুটবল দল। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ফুটবল খেলে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করা খুদে ফুটবলারদের সঙ্গে তিনিও হয়েছিলেন সমাদৃত।
খুদে ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করা এই ব্যক্তির নাম শাহ আলম চৌধুরী তোফায়েল। এবার তিনি চারিকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি জয়ী হন। তাঁর প্রাপ্ত ভোট ৩ হাজার ৮৫৩টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সুলতান করিম পেয়েছেন ৩ হাজার ৯৫ ভোট। আওয়ামী লীগের প্রার্থী আয়ুব আলী ৮৯৪ ভোট ও বিএনপির প্রার্থী হেলাল উদ্দিন পেয়েছেন ৬১০ ভোট।
খুদে ফুটবল দলের প্রশিক্ষক থেকে জনপ্রতিনিধি হওয়ার নেপথ্যে ২০১১ সালে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে ফুটবল দলের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পরিচিতি মুখ্য ভূমিকা রেখেছে বলে মনে করছেন শাহ আলম। ২০১১ সালের ১৩ জানুয়ারি ‘বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন হওয়ার পর ২৯ জানুয়ারি ‘নিশ্চিন্তপুরের জাগরণের সেনানীরা’ শিরোনামে প্রথম আলোয় শনিবারের বিশেষ প্রতিবেদন ছাপা হয়। শাহ আলম তখন বলেছিলেন, ‘অবস্থা এখন এমন যে আমি ভোটে দাঁড়ালে জিতে যাব।’
প্রায় পাঁচ বছর পর সেই অবস্থার প্রতিফলন হলো কি না,Ñএমন প্রশ্নে শাহ আলম চৌধুরী বলেন, ‘চারিকাটা ইউনিয়নে আমার প্রয়াত দাদা মোহাম্মদ আলী চৌধুরী ও বাবা হাবিবুর রহমান চৌধুরী চেয়ারম্যান ছিলেন। জনপ্রতিনিধি হিসেবে তাঁদের সাফল্য ও ফুটবল নিয়ে আমার ক্যারিয়ার মূলত দলীয় নির্বাচনের মধ্যে আমাকে স্বতন্ত্র হিসেবে পাস করতে সহায়তা করেছে। এলাকার মানুষ দল নয়, ব্যক্তিকে পছন্দ করেছেন।’
ফুটবল প্রশিক্ষণের পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।