বগুড়ায় শহরের খান্দার এলাকায় শহীদ চান্দু স্টেডিয়ামের বাইরের ইজারা বাতিল করা জায়গায় ফুটবল খেলার মাঠ নির্মাণ করা হবে। এ জন্য সেখানে মাটি ভরাটের কাজ করছে জেলা ক্রীড়া সংস্থা।
সংস্থাটির সূত্রে জানা গেছে, ১৯৬১ সালে শহরের মালগ্রাম মৌজার প্রায় ১৮ একর জায়গা অধিগ্রহণ করে শহীদ চান্দু স্টেডিয়াম নির্মাণ করা হয়। বিশাল আয়তনের স্টেডিয়াম নির্মাণের পরও এর বাইরে বেশ কিছু জায়গা খালি ছিল। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রভাব খাটিয়ে স্টেডিয়ামের বাইরের বেশ কিছু জায়গা তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুকে ইজারা দেন। ইজারা নেওয়া ওই জায়গায় গড়ে তোলা হয় বিনোদন পার্ক ওয়ান্ডার ল্যান্ড।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী সরকারি জমি ইজারা নেওয়ার পর এর শ্রেণি পরিবর্তন করা যায় না। শুধু তা ব্যবহার করা যায়।
স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, আইন লঙ্ঘন করে ওয়ান্ডার ল্যান্ড বিনোদন পার্ক নির্মাণের সময় ইজারা নেওয়া জায়গার বেশ কিছু অংশে পুকুর খনন করে। সেখানে ‘ওয়াটার ওয়ার্ল্ড’ করার পরিকল্পনা ছিল পার্ক কর্তৃপক্ষের। এখন ট্রাকে করে মাটি এনে সে জায়গা ভরাট করা হচ্ছে।
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, স্বাধীনতা-পরবর্তী সময় থেকে শহীদ চান্দু স্টেডিয়ামে ফুটবলের নানা আসর বসত। আয়োজন করা হতো নানা টুর্নামেন্টের। ২০০৪ সালে স্টেডিয়ামটি ক্রিকেটের উপযোগী করা হয়। এ কারণে ফুটবল অনুশীলনের শেষ ভরসা হয়ে ওঠে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ। কিন্তু ওই মাঠে প্রায় সারা বছরই কোনো না কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ফুটবল অনুশীলনে ব্যাঘাত ঘটে। এরই পরিপ্রেক্ষিতে ক্রীড়ামোদীরা আলাদা একটি ফুটবল মাঠ নির্মাণের দাবি তোলেন। এই পরিপ্রেক্ষিতে ২০১০ সালে তৎকালীন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বগুড়ায় আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ নির্মাণের ঘোষণা দেন। শহরতলির মাটিডালি এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কের পাশে প্রায় সাড়ে ১১ একর জমির ওপর মাঠ নির্মাণের জন্য নকশা চূড়ান্ত ও জমি অধিগ্রহণ-প্রক্রিয়া শুরু হলেও পরে তা অজ্ঞাত কারণে আটকে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের নভেম্বরে বগুড়ায় জনসভা থেকে প্রতিটি উপজেলায় একটি করে খেলার মাঠ নির্মাণের ঘোষণা দেন। কিন্তু জায়গা না পেয়ে শেষমেশ ওয়ান্ডার ল্যান্ডের হাত থেকে উদ্ধার করা জায়গায় ফুটবল মাঠ নির্মাণের এ উদ্যোগ নিয়েছে জেলা ক্রীড়া সংস্থা।
কয়েকজন সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক বলেন, বগুড়ায় ফুটবলের জন্য আলাদা একটি স্টেডিয়াম নির্মাণ খুবই জরুরি হয়ে পড়েছে।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন বলেন, ‘এত দিন ওই জায়গা বেসরকারি বিনোদন পার্ক ওয়ান্ডার ল্যান্ডকে ইজারা দেওয়া ছিল। জেলা ক্রীড়া সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ সম্প্রতি সেই ইজারা বাতিল করেছে। সেখানে স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রীড়া সংস্থা নিজস্ব অর্থায়নে মাটি ভরাটের কাজ করছে।’