ফুটবল ম্যাচে অংশ নিল বেঁচে যাওয়া শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাই ট্র্যাজেডির তিন মাস পর গতকাল সোমবার ফুটবল ম্যাচে অংশ নিয়েছে বেঁচে যাওয়া শিক্ষার্থীরা। স্বতঃস্ফূর্তভাবেই খেলেছে তারা। আবুতোরাব উচ্চবিদ্যালয় মাঠে ওই ম্যাচ অনুষ্ঠিত হয়। গত ১১ জুলাই বড়তাকিয়া-আবুতোরাব সড়কে ট্রাক উল্টে ৪১ জন ছাত্রসহ ৪৩ জন নিহত হয়। দুর্ঘটনার পর সহপাঠীদের হারিয়ে বেঁচে যাওয়া আহত শিক্ষার্থীদের মধ্যে মনোবৈকল্য দেখা দেয়। মনোবৈকল্য দূর করার জন্য ৬ অক্টোবর থেকে গতকাল সোমবার পর্যন্ত তাদের কাউন্সেলিং করান ইংল্যান্ডের মনোবিশ্লেষক মার্ক ও পর্তুগালের ফিলিপ। পরে বেঁচে যাওয়া ওই ছাত্রদের ভীতি দূর করার জন্য গতকাল ওই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এতে আবদুল্লাহ আল মাসুম, আবদুল্লাহ আল মামুন, এমরান হোসেন, মিঠু চন্দ্র নাথ ও নিজাম উদ্দীনসহ দুর্ঘটনায় বেঁচে যাওয়া বেশ কিছু ছাত্র স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। ওই ম্যাচের মধ্য দিয়ে বিদায় জানানো হয় মার্ক ও ফিলিপকে। বাংলাদেশ থেরাপিউটিক থিয়েটার ইনস্টিটিউট ওই ফুটবল ম্যাচের আয়োজন করে। ম্যাচের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অর্গানাইজেশন ফর দ্য পুওর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের (অপকা) নির্বাহী পরিচালক মো. আলমগীর, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী প্রমুখ। ম্যাচ শুরু হওয়ার আগে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে ইংল্যান্ডের মনোবিশ্লেষক মার্ক বলেন, তাঁরা ‘ডায়নামিক হার্ট প্রজেক্ট’-এর অধীনে কাজ করতে আবুতোরাবে এসেছেন। তিনি মিরসরাই ট্র্যাজেডির মতো এ ধরনের ঘটনা নিয়ে কাজ করেন। ফিলিপ দ্য মুরার বলেন, ‘আহত ছাত্র ও নিহত ছাত্রদের স্বজনদের নিয়ে পাঁচ দিন ধরে আমরা কাজ করছি। প্রথম দুই দিন আহত ছাত্র ও নিহত ছাত্রদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আমরা তাদের কষ্টের কথা শুনেছি। তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা তাদের কাউন্সেলিং করিয়েছি। এখন বুঝতে পারছি, তারা অনেকটা সুস্থ ও নিজেকে হালকা মনে করছে।’