ফুটবল ম্যাচে হেরে প্রতিপক্ষকে মারধর, সড়ক অবরোধ
আন্তঃ বেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনালে হেরে যাবার পর গতকাল বুধবার বিকেলে রেফারি ও প্রতিপক্ষ খেলোয়াড়দের ওপর চড়াও হয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) সমর্থকেরা। এর প্রতিবাদে প্রতিপক্ষ চট্টগ্রামের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) সমর্থকেরা জাকির হোসেন রোডে পৌনে এক ঘন্টার অবরোধ সৃষ্টি করে। জানা গেছে, গতকাল বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে আন্তঃ বেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। ইউএসটিসি ও আইইউসির মধ্যকার এই খেলায় ইউএসটিসি ১-০ গোলে জিতে ফাইনালে ওঠে। বিকেল পাঁচটায় খেলা শেষ হওয়ার পাঁচ মিনিটের মধ্যে মাঠের গ্রিল টপকে আইইউসির কিছু সমর্থক মাঠে ঢুকে পড়ে। এসময় তারা রেফারি ও ইউএসটিসির খেলোয়াড়দের ওপর চড়াও হয়। এ সময় তাঁদের নাজেহাল করা হয়। পরে টুর্নামেন্ট কমিটির কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান চট্টগ্রাম রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরন। তিনি বলেন, খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আইইউসির সমর্থকেরা মাঠে ঢুকে মারধর শুরু করে। এই ঘটনার পর সাড়ে পাঁচটার দিকে ইউএসটিসির ছাত্ররা নিজেদের জাকির হোসেন রোডের ক্যাম্পাসের সামনে গিয়ে অবরোধ সৃষ্টি করে। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই পথে চলাচলকারী যাত্রীসাধারণ দুর্ভোগে পড়ে। খবর পেয়ে প্রায় পৌনে এক ঘন্টা পর পুলিশ এসে অবরোধ তুলে দেয়। ঘটনার সত্যতা স্বীকার করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘স্টেডিয়ামে ইউএসটিসির ছেলেদের ওপর আক্রমন হয়েছে। তাই তারা এখানে এসে অবরোধ সৃষ্টি করেছিল। আমরা পরিস্থিতি শান্ত করেছি।’ তিনি জানান, আর কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সে ব্যাপারে তাঁরা খেয়াল রাখছেন।