ফুটবলকে আরও জনপ্রিয় করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নেতাদের প্রতি দেশের ফুটবলকে আরও জনপ্রিয় করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বে সংগঠনের নির্বাহী কমিটির নবনির্বাচিত নেতারা গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান। তিনি প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দেশে আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরি করতে প্রচেষ্টা গ্রহণের জন্যও বাফুফের নেতাদের প্রতি আহ্বান জানান।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী দেশের তরুণদের সুস্বাস্থ্য ও উন্নত চরিত্র গঠনে খেলাধুলায় সম্পৃক্ততার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি মাদকাসক্তি ও অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণদের নিরাপদ রাখতে খেলাধুলায় তাদের অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরেন।শেখ হাসিনা দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ক্রিকেটের এক দিনের আন্তর্জাতিক ও টেস্ট মর্যাদা অর্জনের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর সরকার অত্যন্ত সফলভাবে ২০১১ সালে আইসিসি বিশ্বকাপ ক্রিকেট এবং ২০১০ সালে দক্ষিণ এশীয় গেমস আয়োজন করে।প্রধানমন্ত্রী বাফুফের ক্রীড়াসংশ্লিষ্ট কিছু বিষয় ধৈর্যসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে তা সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান উপস্থিত ছিলেন। বিমলের পরিবারকে দুই লাখ টাকা প্রদানপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৩ সালে চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপিদলীয় সন্ত্রাসীদের অগ্নিসংযোগের ঘটনায় বেঁচে যাওয়া বিমল শীলের পরিবারকে গতকাল দুই লাখ টাকা দিয়েছেন। আগুন দেওয়ার ওই নির্মম ঘটনায় চট্টগ্রামের একটি হিন্দু পরিবারের ১১ জনের করুণ মৃত্যু হয়। প্রধানমন্ত্রীর কাছ থেকে ওই টাকার চেক গ্রহণের জন্য তাঁর সরকারি কার্যালয়ে উপস্থিত ছিলেন বিমল শীল, তাঁর স্ত্রী শিউলি শীল, ছেলে সৌরভ ও মেয়ে মমতা।২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বিএনপির সন্ত্রাসীরা বাঁশখালীর সাধনপুরে তেজেন্দ্রলাল শীলের বাড়িতে গানপাউডার ছিটিয়ে আগুন দিলে বাড়িতে ঘুমিয়ে থাকা ১১ বাসিন্দার সবার মৃত্যু হয়। ওই রাতে শহরে থাকায় অগ্নিকাণ্ড থেকে বেঁচে যায় বিমলের পরিবার। বাসস।