ফুটবলার এমিলির পরিবারের দিন কাটছে আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বিতর্কিত নেতা শামীম ওসমানের হাতে মারধরের শিকার ও প্রাণনাশের হুমকি পাওয়ার পর পরিবার নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন জাতীয় দলের সাবেক কৃতী ফুটবলার সম্রাট হোসেন এমিলি। ওই ঘটনায় শামীম ওসমানকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।

শামীম ওসমান তাঁকে মাদকাসক্ত বলে সাংবাদিকদের কাছে যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদ জানিয়েছেন এমিলি। শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় তিনি ইতিমধ্যে র‌্যাব-১১-এর কাছে লিখিত অভিযোগে দিয়েছেন।

সাবেক এই ফুটবলার বলেন, ‘আমি মাদকাসক্ত নই। শামীম ওসমান ও আমার রক্ত পরীক্ষা করলেই প্রমাণিত হবে, কে প্রকৃত মাদকাসক্ত। যুক্তরাষ্ট্রে বসবাস করার সময়ও আমি নিয়মিত নামাজ পড়েছি। হজ পালনের পর আমি আমার জীবনের অনেক কিছুরই পরিবর্তন করেছি। শামীম ওসমান যখন আমার মুখের ভেতর পিস্তলের নল ঢুকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছিলেন, তিনি তখন একজন মাতাল ব্যক্তির মতোই আচরণ ও গালাগালি করছিলেন।’

শামীম ও তাঁর ক্যাডারদের ভয়ে পরিবারের সদস্যদের নিয়ে এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানান এমিলি। শামীম ওসমানের নির্যাতনের ঘটনার পর তাঁর বাক্-প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন।

শামীম ওসমানের ক্যাডাররা গত শুক্রবার সকালে এমিলিকে টেনেহেঁচড়ে নারায়ণগঞ্জ ক্লাবের ভেতর নিয়ে যান। সেখানে শামীম তাঁকে পেটান। ঘটনাটি নিয়ে দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তাৎক্ষণিক খবরও প্রচার করা হয়। পরে দুপুরে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে এমিলিকে পুলিশ আটক করে। অবশ্য ঘণ্টাখানেক পর আবার ছেড়ে দেয়। তবে এমিলির সব অভিযোগ অস্বীকার করেন শামীম ওসমান।

ত্বকী মঞ্চের বিবৃতি: সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে, নারায়ণগঞ্জে বিভিন্ন হত্যাকাণ্ড, সন্ত্রাস ও চাঁদাবাজির মূল হোতা শামীম ওসমান বেপরোয়া হয়ে উঠেছেন। ত্বকী হত্যার ঘটনায় তাঁকে গ্রেপ্তারের দাবি জানানো হলেও সরকার তাঁকে গ্রেপ্তার করছে না। বরং স্থানীয় পুলিশ প্রশাসন তাঁর অনুগত বাহিনীর মতো আচরণ করছে।

বিবৃতিতে বলা হয়, শামীম ওসমান ত্বকী মঞ্চের নেতাদেরও হুমকি দিচ্ছেন। নারায়ণগঞ্জবাসী তাঁর হাতে জিমিঞ্চ হয়ে পড়েছে। বিবৃতিতে অবিলম্বে শামীমকে গ্রেপ্তার এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।