চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শেষ কবে দর্শকপূর্ণ ফুটবল ম্যাচ হয়েছে স্মৃতি হাতড়েও নির্দিষ্ট করে বলেতে পারলেন না ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়েরা। তবে দু-একজন এইটুকু বলতে পারলেন, দর্শক কবে থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাঁরা একবােক্য স্বীকার করলেন, গ্যালারিভর্তি দর্শকের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডানের পাতানো ফাইনাল ম্যাচের পর আর দর্শক স্টেডিয়ামমুখী হয়নি।
মেয়র গোল্ডকাপের ফাইনালে এই দুই দল পাতানো ম্যাচ খেলেছিল। নির্ধারিত সময়ে অমীমাংসিত ম্যাচটিতে টাইব্রেকারে না গিয়ে দুই দল নিজেদের যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা দিয়ে ক্ষণিকের জন্য উল্লাসে মেতে ওঠে। আর চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকেরা এই প্রথমবারের মতো এক হয়ে ঢিল ছুড়তে শুরু করেছিল উভয় দলের খেলোয়াড়–কর্মকর্তাদের। চট্টগ্রাম আবাহনীর সাবেক অধিনায়ক দেবাশীষ বড়ুয়ার মতে, এটি ১৯৯৭-৯৮ সালের ঘটনা।
মাঝখানে কেটেছে ১৬-১৭ বছর। কিন্তু দর্শক আর ফুটবলমুখী হয়নি। সেই খরা দূর করতে এবার প্রতিবেশী কয়েকটি দেশের ক্লাব দলের অংশগ্রহণে একটি টুর্নামেন্টের আয়োজন করা হলো। নামকরণ করা হয়েছে ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট’। আয়োজক চট্টগ্রাম আবাহনী লিমিটেড হলেও এর সঙ্গে চট্টগ্রামের সব ক্রীড়া সংগঠক ও সংস্থা জড়িত রয়েছে। আয়োজকদের আশা, এবার দূর হবে দর্শক-খরা।
টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব ও সাংসদ সামশুল হক চৌধুরী জোর গলায় বললেন, ‘ফুটবলকে জনপ্রিয় করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দেশের ক্লাব দলগুলোর পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের চারটি দল খেলবে এতে। আমার বিশ্বাস এর মধ্য দিয়ে ফুটবলের নবজাগরণ হবে। আবার মাঠমুখী হবে দর্শকেরা।’
আগামী মঙ্গলবার বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামের মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। আটটি দলকে দুই গ্রুপে ভাগ করে সাজানো হয়েছে সূচি। ‘এ’ গ্রুপে রয়েছে ঢাকা মোহামেডান, কলকাতা মোহামেডান, শ্রীলঙ্কার সলিড এফসি ও আফগানিস্তানের ডি স্পিন গর। ‘বি’ গ্রুপে রয়েছে ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী, কলকাতার ইস্ট বেঙ্গল ও পাকিস্তানের করাচি ইলেকট্রিক এফসি। গ্রুপ লিগের পর সেমি ফাইনাল ও ফাইনাল।
অনেক দিন পর বড় একটি টুর্নামেন্ট আয়োজনের খবরে স্টেডিয়ামপাড়া এখন বেশ সরগরম। ক্রীড়া সংগঠকদের আনাগোনা বেড়েছে আগের চেয়ে। চলছে নানা কর্মকাণ্ড। দর্শক টানতে বিভিন্ন মাধ্যমে প্রচারণাও চালানো হচ্ছে জোরেশোরে।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনও বেশ আশাবাদী দর্শকের ব্যাপারে। তিনি বলেন, ‘একসময় এখানে মাঠভর্তি দর্শক হতো। ফুটবলের গৌরবোজ্জ্বল সোনালি অতীত ফিরিয়ে আনতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আশা করি আমরা সফল হব।’
প্রচারণার বাইরে দর্শক টানতে প্রতি ম্যাচে রাখা হয়েছে লটারির মাধ্যমে পুরস্কারের ব্যবস্থাও। টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে পাঁচ হাজার ডলার করে। চ্যাম্পিয়ন ও রানারআপ দল যথাক্রমে পাবে ২৫ ও ১০ হাজার ডলার। প্রতিটি খেলার সেরা খেলোয়াড় পাবেন এক হাজার ডলার। আর ম্যান অব দ্য টুর্নামেন্ট পাবেন তিন হাজার ডলার। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে সাইফ পাওয়ার টেক।
দর্শকদের মাঠে আনতে টিকিটের দামও রাখা হয়েছে হাতের নাগালের মধ্যে। গ্রুপ ম্যাচে সাধারণ গ্যালারির টিকিট ৫০ টাকা এবং সেমি ও ফাইনালে এটি যথাক্রমে ১০০ ও ১৫০ টাকা। প্যাভিলিয়নের টিকিট গ্রুপ ম্যাচে ১০০ এবং সেমি ও ফাইনালে এটি যথাক্রমে ২০০ ও ৩০০ টাকা। দর্শকদের জন্য এতসব ব্যবস্থা শেষ পর্যন্ত কাজে লাগবে তো! তা দেখার অপেক্ষা এখন।