ফুটল সেই রবির আলো

বাবা রবিউল খুব আশা করেছিলেন, মেয়ের মুখ দেখে প্রাণ জুড়াবেন। সেই ছোট্ট রবির আলো ফোটার আগে বাবা রবি নিজেই অস্ত গেলেন। মা–বাবা, ভাই, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাঁদিয়ে চলে গেলেন না-ফেরার দেশে। আলো-ঝলমল ঘরটা ডুবে গেল আঁধারে। সেই শোকচাপা ঘরে ঝিলিক দিয়ে উঠেছে ছোট্ট রবি। সে পুলিশের প্রয়াত সহকারী কমিশনার মোহাম্মদ রবিউল করিমের মেয়ে। গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এই কর্মকর্তা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত ১২টা ২৮ মিনিটে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রবিউলের স্ত্রী উম্মে সালমা এক কন্যাসন্তানের জন্ম দেন। এই দম্পতির এর আগে ছয় বছরের একটি পুত্রসন্তান আছে। তার নাম সামিউল করিম।
আজ দুপুর ১২টার দিকে প্রথম আলোকে রবিউল করিমের ভাই শামসুজ্জামান শামস বলেন, ‘গতকাল বিকেলে ভাবিকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে একটি কন্যাসন্তানের জন্ম হয়। আমাদের পরিবারের সবাই খুব খুশি। আবার ভাইয়া নেই বলে সবাই একসঙ্গেই বিষাদগ্রস্তও। আজকে এই মুহূর্তে ভাইয়া থাকলে অন্য রকম পরিস্থিতি হতে পারত। কারণ, ভাইয়ার খুব ইচ্ছে ছিল তার একটি মেয়ে হোক। ভাইয়া দেখে যেতে পারল না।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, মা সুস্থ থাকলেও শিশুটি ত্বকের একধরনের রোগে আক্রান্ত। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান মো. রোকনউদ্দিন তার চিকিৎসা করছেন।

সদ্যোজাত শিশুটির অবস্থা জানতে চাইলে রোকনউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বাচ্চাটি ত্বকে একধরনের ত্রুটি নিয়ে জন্মেছে। ওর জীবন নিয়ে আশঙ্কা নেই। কিন্তু সব সময় চিকিৎসকের অধীনে থাকতে হবে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাস করা রবিউল ৩০তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন। ১ জুলাই গুলশানে অভিযান চালাতে গিয়ে নিহত হন তিনি। মানিকগঞ্জের আটিগ্রাম ইউনিয়নের কাতিগ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
আরও পড়ুন: