ফুটেজ ধরে আসল দুর্বৃত্তরা শনাক্ত হচ্ছে, গ্রেপ্তার ১০৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সম্প্রতি জামায়াত-শিবিরের আকস্মিক কয়েক দফা হামলা ও ভাঙচুরের ঘটনায় ভিডিও ফুটেজ ধরে দুর্বৃত্তদের শনাক্ত করছে পুলিশ। গত রোববারের হামলার ঘটনায় পুলিশ ভিডিও ফুটেজ ধরে পাঁচ দুর্বৃত্তকে শনাক্ত করেছে।গতকাল শুক্রবার পর্যন্ত গ্রেপ্তারও করা হয়েছে ১০৩ জনকে। সর্বশেষ গত বৃহস্পতিবার বিকেলে ও রাতে পৃথক দুটি অভিযানে শিবিরের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্র জানায়, গত রোববার ষোলশহর এলাকায় পুলিশের গাড়িতে হামলা এবং উপপুলিশ পরিদর্শক (এসআই) বশির উদ্দিনকে রক্তাক্ত করার ঘটনায় ছাত্রশিবিরের মাহাবুবুর রহমান নামের এক ক্যাডারকে শনাক্ত করা হয়েছে। মাহবুবুর রহমান বার আউলিয়া ডিগ্রি কলেজের ছাত্র। তাঁর গ্রামের বাড়ি লোহাগাড়া থানাধীন মল্লিক সোবহান এলাকায়। তাঁর হামলায় এসআই বশির মারাত্মক জখম হন। এতে তাঁর মুখে সেলাই দিতে হয়েছে। তাঁকে ১০-১২ দিনের মতো হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হবে।চট্টগ্রাম নগরের ষোলশহর ও প্রবর্ত্তক মোড়ে সহিংস ঘটনার দিন রোববার পুলিশের চলন্ত গাড়িতে লাফ দিয়ে উঠে এসআই বশিরকে রক্তাক্ত করেন শিবিরের ক্যাডার মাহবুবুর রহমান। তাঁর বিরুদ্ধে লোহাগাড়া থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা আছে। রোববার চট্টগ্রাম নগরের ষোলশহর প্রবর্ত্তক মোড় এলাকায় পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় করা আরও তিনটি মামলারও আসামি তিনি।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, রোববারের ঘটনায় বেপরোয়া আচরণকারী দুর্বৃত্তদের মধ্যে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের কেউ এখনো গ্রেপ্তার হয়নি। তবে ওই ঘটনায় বিভিন্ন অভিযানে গ্রেপ্তারের সংখ্যা ১০৩ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থেকে চারজন এবং নগরের চান্দগাঁও এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।সম্প্রতি চট্টগ্রামে জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনা ক্যামেরায় ধারণ করে তা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বড় পর্দায় দেখানো অব্যাহত আছে। এসব হামলায় অংশ নেওয়া শিক্ষার্থী বা সাবেক ছাত্রদের পরিচয় ও তাঁদের ধরিয়ে দিতে পুলিশ ছাত্রদের সহযোগিতা চেয়েছে।