ফুটোয় ফুটোয় বাঁধ ঝাঁঝরা
সাতক্ষীরার শ্যামনগরে পাউবোর বেড়িবাঁধ কেটে ও ছিদ্র করে চিংড়ি চাষের জন্য লোনা পানি ঢোকানো হচ্ছে। এভাবে ছিদ্র ও কাটার কারণে বাঁধটি দুর্বল হয়ে পড়ছে। বড় জোয়ার বা বর্ষায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। বাঁধের ২০ কিলোমিটার অংশে এমন শতাধিক ছিদ্র ও কাটা স্থানের সন্ধান পাওয়া গেছে।বাঁধ কাটার অভিযোগে সম্প্রতি পাউবো ১৭ জন চিংড়িচাষির বিরুদ্ধে দুটি মামলা করেছে। এভাবে লোনা পানি ঢোকানোয় গত তিন বছরে সিংহড়তলী এলাকায় একাধিকবার বাঁধ ভেঙে গেছে। প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। গৃহহীন হয়েছে কমপক্ষে ২০টি পরিবার।উপজেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, দেড় শ কিলোমিটার বেড়িবাঁধটি শ্যামনগর থেকে শুরু হয়ে জেলার কালীগঞ্জে গিয়ে শেষ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বা জোয়ারের সময় লোকালয়ে যেন পানি ঢুকতে না পারে সে জন্য এটি তৈরি করা হয়। তবে এটি চলাচলের সুবিধার্থেও ব্যবহার হয়। ৫ নম্বর পোল্ডারে মুন্সিগঞ্জ থেকে সোরা পর্যন্ত বাঁধটি দৈর্ঘ্যে প্রায় ২০ কিলোমিটার আর প্রস্থে সোয়া চার মিটার। এই এলাকায় বাঁধের বিভিন্ন স্থানে পাউবোর ছয়টি স্লুইসগেট রয়েছে। ব্যক্তিমালিকানাধীন ও পাউবোর অনুমোদিত ছোট স্লুইসগেট আছে ৪০টি। এর মধ্যে ১০-১২টি এখনো ভালো। এগুলো থাকা সত্ত্বেও স্থানীয়রা বাঁধের বিভিন্ন স্থানে ছিদ্র করে ও কেটে লোনা পানি ঢোকাচ্ছে।উপজেলার মুন্সিগঞ্জ, চুনকুড়ি, সরদারপাড়া, গাভা, সাধুপাড়া, মথুরাপুর, কদমতলা, হরিনগর সিংহড়তলী মীরগাং, যতীন্দ্রনগর ও সোরা এলাকা ঘুরে দেখা গেছে, বাঁধের বিভিন্ন স্থানে ছিদ্র ও কাটা হয়েছে। কোথাও কোথাও নতুন করে বাঁধ কাটা ও ছিদ্র করার কাজ চলছে। অধিকাংশ স্থানে ‘নাইন্টি’ (বাঁধের ভেতর দিয়ে আড়াআড়িভাবে দেওয়া পাইপ) বসিয়ে চিংড়িঘেরের জন্য পানি ওঠা-নামার ব্যবস্থা করা হয়েছে। যেসব স্থানে ‘নাইন্টি’ আছে, ওই সব স্থানে বাঁধটি ক্রমেই দুর্বল হয়ে ভাঙনের দিকে এগোচ্ছে।সিংহড়তলী এলাকায় ভোলা মণ্ডলের বাড়ির পাশে গিয়ে দেখা যায়, সেখানে বাঁধের ভেতর দিয়ে দুটি প্লাস্টিকের পাইপ ঢোকানো হয়েছে। সেগুলো পাশের মালঞ্চ নদীতে সংযুক্ত করার কাজ চলছে। সেখানে উপস্থিত অবিনাশ মণ্ডল ও স্বপন মণ্ডল জানান, একই স্থানে আগে পাউবোর অনুমোদিত ছোট স্লুইসগেট ছিল। কিন্তু ঘূর্ণিঝড় আইলার পর সেটি বন্ধ হয়ে যাওয়ায় চিংড়িঘেরে পানি তুলতে তাঁরা পাইপ বসাচ্ছেন।সিংহড়তলী থেকে চুনকুড়ির দিকে কয়েক শ গজ এগিয়ে ছোট একটি স্লুইসগেট পাওয়া গেল। এটি ব্যক্তিমালিকানাধীন, তবে পাউবোর অনুমোদিত। গেটটির উভয় পাশে ভাঙন দেখা দিয়েছে। শ্রমিকেরা পাইলিংয়ের কাজ করছেন। স্লুইসগেটের মালিক নিজের খরচায় বাঁধ সংস্কার করছেন বলে শ্রমিকেরা জানান।কদমতলা এলাকার সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম ও হরিনগর এলাকার আবদুস সোহবান জানান, এখানে পাউবোর বাঁধ সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে। স্থানীয় ফজলুল হকের নেতৃত্বে কেনা মণ্ডল ও আশুতোষ সরদার বাঁধের এ অংশটি ১৪ ফেব্রুয়ারি প্রকাশ্যে কেটে ফেলেন। লোনা পানি চিংড়িঘেরে তোলার জন্য এটি করা হয়েছে।আশুতোষ সরদার দাবি করেন, এ ব্যাপারে পাউবোর মৌখিক অনুমতি নেওয়া হয়েছে। তবে পাউবোর উপসহকারী প্রকৌশলী কৃষ্ণেন্দু বিকাশ সরকার বলেন, ‘বাঁধ কাটার অনুমতি কাউকে দেওয়া হয়নি।’ তিনি আরও জানান, বাঁধ কাটার কারণে ১৮ ফেব্রুয়ারি ১৭ জনকে বিবাদী করে শ্যামনগর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।বেড়িবাঁধটির ৫ নম্বর পোল্ডারে শতাধিক ছিদ্র ও কাটা থাকার সত্যতা নিশ্চিত করে পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী নাছির উদ্দীন জানান, ২০০ জনের নামের তালিকা তৈরি করা হয়েছে। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।