ফুডপান্ডায় রাইডারের কাজে ট্রান্সজেন্ডাররা
হিজড়া, লিঙ্গ বৈচিত্র্য ও লিঙ্গ রূপান্তরিত জনগোষ্ঠীকে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডা তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে ২০ জন রাইডার নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ফুডপান্ডার সদস্য ফুডপান্ডার প্যান্ডামার্ট ডার্ক স্টোরে ওয়্যারহাউস কর্মী হিসেবেও কাজ করছেন কয়েকজন।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফুডপান্ডা জানায়, ফুডপান্ডা হিজড়া, লিঙ্গ বৈচিত্র্য ও লিঙ্গ রূপান্তরিত জনগোষ্ঠীর প্রথম ব্যাচের রাইডারদের নিয়োগ দিয়েছে এবং তাদের সাইকেল ও স্মার্টফোন দিয়েছে। বাংলাদেশের হিজড়া, লিঙ্গ বৈচিত্র্য ও লিঙ্গ রূপান্তরিত সম্প্রদায়ের সদস্যদের ক্ষমতায়নে নিবেদিত সংস্থা ট্রান্সেএন্ডের সহায়তায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ট্রান্সজেন্ডারদের প্রশিক্ষণের পাশাপাশি তাদের প্রয়োজনীয় ডেলিভারি উপকরণ ও সরঞ্জাম দিয়েছে ফুডপান্ডা। প্রতিষ্ঠানটি জানায়, ব্যবসার বাইরেও সমাজের বৃহত্তর কল্যাণে অবদান রাখার জন্য কাজ করতে চায় তারা।
বাংলাদেশ সরকারের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ফুডপান্ডা বিশ্বাস করে, আরও বেশি অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনের ফলে এমন একটি অর্থনীতি ও সমাজ গঠিত হবে, যার মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে।