ফুফাতো ভাইয়ের গুলিতে নিহত?
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নের জঙ্গলছলিমপুর এলাকায় পেয়ারুল নামে এক ব্যক্তির পিস্তলের গুলিতে নাঈমা বেগম (১০) নামে এক শিশু নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নাঈমা ফটিকছড়ি উপজেলার রোসাংগীরি ইউনিয়নের আইয়ুব আলীর মেয়ে। পেয়ারুল ছিন্নুমূল এলাকার বাসিন্দা ও সম্পর্কে নাঈমার ফুপাতো ভাই৷
পুলিশ জানায়, পেয়ারুলের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় দুটি মামলা রয়েছে৷ তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। গতকাল ঘরের ভেতরে অস্ত্র নাড়াচাড়ার সময় অসর্তকতাবশত গুলি বের হয়ে নাঈমা গুলিবিদ্ধ হয়৷
সীতাকু্ণ্ড থানার উপপরিদর্শক রেজাউল করিম বলেন, ঘটনাটি রহস্যজনক। লাশের কোনো আত্মীয় হাসপাতালে নেই, লাশটি মর্গে পড়ে রয়েছে। শিশুটির শরীর থেকে দুটি গুলি বের করা হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি নিজে ঘটনাটির তদন্ত করছেন। অভিযুক্ত পিয়ারুল পলাতক আছেন৷ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।