ফুফুকে সন্দেহ করার কথা বললেন প্রবাসী মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক ফরহাদ খাঁর ছোট বোনের পরিবারই স্ত্রী রহিমা খানমসহ তাঁকে হত্যা করেছে বলে দাবি করেছেন ফরহাদ খাঁর একমাত্র মেয়ে আইরিন পারভীন খান। তিনি এই হত্যা মামলাটির অধিকতর তদন্তেরও দাবি করেছেন। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ইতালিপ্রবাসী আইরিন এ দাবি জানান। আইরিন পারভীন তাঁর মা-বাবার হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। তিনি বলেন, ‘কী দোষ ছিল আমার মা-বাবার। নরপিশাচেরা তাঁদের একজনকেও বেঁচে থাকতে দিল না।’আইরিন গত ২৩ জুলাই দেশে আসেন। তিনি বলেন, কাগজপত্র তৈরি না হওয়ায় দেশে আসতে দেরি হয়েছে। ডিবি পুলিশের তদন্তের সঙ্গে ভিন্নমত পোষণ করে আইরিন বলেন, তদন্তকারীর প্রাথমিক বক্তব্যের সঙ্গে খুনির গ্রেপ্তারের পর তাঁর বক্তব্যে অমিল রয়েছে। সুস্থ দুজন মানুষকে দুজন লোকের পক্ষে খুন করা অসম্ভব। আইরিন আরও জানান, দেশে ফেরার পর তিনি তদন্ত কর্মকর্তার সঙ্গে দেখা করে এই বলে সন্দেহ প্রকাশ করেছেন, হত্যাকাণ্ডে তাঁর ছোট ফুফু নাজনীন জামানের পরিবার জড়িত। কিন্তু তদন্তকারী তা আমলে নেননি। উল্লেখ্য, হত্যা মামলাটি তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ—ডিবি।ছোট চাচা আবুল কালাম খুনিদের রক্ষায় কাজ করে যাচ্ছেন—এই দাবি করে আইরিন শঙ্কা প্রকাশ করেন, তিনি এ ঘটনায় ন্যায়বিচার পাবেন না।আইরিন বলেন, ফুফাতো ভাই নাজিমুজ্জামান ইয়ন তাঁদের বাসা থেকে টাকা ও বই চুরি করেছিলেন। এর পর থেকে তাঁকে ওই বাসায় আসতে নিষেধ করে দেওয়া হয়। ছোট ফুফু পাঁচ দিন আগে তাঁদের বাসায় নাজিমুজ্জামানকে দিয়ে চাল পাঠিয়ে দেন। তিনি প্রশ্ন তোলেন, নাজিমুজ্জামান অনাকাঙ্ক্ষিত জেনেও তাঁকে কেন ওই বাসায় পাঠালেন তাঁর মা? আইরিন বলেন, তাঁর বাবার ইতালিতে স্থায়ীভাবে চলে যাওয়ার পরিকল্পনা ছিল। ইতালিতে পাঠানোর জন্য বাসায় পাঁচ লাখ টাকা ছিল। ওই টাকা লুট করার জন্যই তাঁর মা-বাবাকে হত্যা করা হয়। গত ২৮ জানুয়ারি রাতে পল্টন থানার পুলিশ ৭৭, নয়াপল্টনের ভাড়া বাসার তালা ভেঙে মেঝে থেকে দৈনিক জনতার জ্যেষ্ঠ সহসম্পাদক ফরহাদ খাঁ ও তাঁর স্ত্রী রহিমা খানমের গলাকাটা লাশ উদ্ধার করে। তদন্তকারীর বক্তব্য: মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবুল খায়ের মাতবর প্রথম আলোকে বলেন, আইরিন পারভীন খান কল্পনাপ্রসূত বক্তব্য দিয়েছেন। মামলার তদন্ত নিয়ে যাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব, বিতর্ক ও আপত্তি না থাকে, সে জন্য গত মঙ্গলবার মুখ্য মহানগর হাকিমের আদালতে আইরিনের জবানবন্দি দেওয়ার ব্যবস্থা করা হয়। জবানবন্দিতে আইরিন বলেছেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তাঁর ফুফাতো ভাই নাজিমুজ্জামান এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তিনি অন্য কারও নাম উল্লেখ করেননি। জবানবন্দিতে তদন্ত নিয়ে কোনো অভিযোগও করা হয়নি। তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, আইরিন যাঁদের সন্দেহ করেছেন, তা তদন্ত করে দেখা হবে। প্রমাণ পাওয়া গেলে তাঁদের গ্রেপ্তার করা হবে।