ফুরফুরে মেজাজে আ.লীগের প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের একমাত্র ‘বিদ্রোহী’ প্রার্থী আল-আমিন ফরাজী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে দলের স্থানীয় নেতা-কর্মীরা ফুরফুরে মেজাজে আছেন।
মতলব পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খান প্রথম আলোকে বলেন, গত সোমবার রাতে দলের এক প্রভাবশালী নেতার ঢাকার বাসায় বৈঠক হয়। এতে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারাসহ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আওলাদ হোসেন লিটন এবং বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আল-আমিন ফরাজী উপস্থিত ছিলেন। বৈঠকে আল-আমিন ফরাজীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দেওয়া হয়। শেষমেশ আল-আমিন প্রার্থিতা প্রত্যাহারে রাজি হন।
আল-আমিন ফরাজী বলেন, দলীয় সিদ্ধান্ত মেনে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারে তাঁকে কোনো চাপ দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে আল-আমিন বিষয়টি এড়িয়ে যান।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের দুজন নেতা বলেন, বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় দলের নেতা-কর্মী ও সমর্থকেরা এখন ফুরফুরে মেজাজে আছেন। তবে ভেতরে-ভেতরে অনেকে বিশেষ করে দলের জ্যেষ্ঠ নেতা-কর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন কি না, তা নিয়ে শঙ্কা আছে।