বরিশালের ৭৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট আজ। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে উত্সবের বদলে সর্বত্র শঙ্কার পরিবেশ বিরাজ করছে। ক্ষমতাসীন দলের নৌকা প্রতীক পাওয়া প্রার্থীরা ফুরফুরে মেজাজে থাকলেও বাকি সবাই সুষ্ঠু নির্বাচন নিয়ে চিন্তিত।
নির্বাচনের আগের দিন গতকাল সোমবার বরিশাল ঘুরে সেখানকার প্রার্থী, ভোটার ও নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেল।
তবে বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হালিম খান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমরা সব কেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সবকিছু পাঠিয়ে দিয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। একটা শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে আমরা আশাবাদী।’
গতকাল কয়েকটি নির্বাচনী কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রের আশপাশে প্রার্থীরা শেষ মুহূর্তের পোস্টার লাগাচ্ছেন। বিভিন্ন জায়গায় নির্বাচনী সামগ্রী যাচ্ছে পুলিশ পাহারায়। কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেল, নির্বাচনে সহিংসতার আশঙ্কায় তাঁরা ভয়ে ভয়ে আছেন।
সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দোকানদার রাশেদুল ইসলাম বলেন, ‘এখন নির্বাচন মানে খেলা। সবাই জানে কে জিতবে। তা-ও দিনটা পার হোক। কারও প্রাণ না যাক।’ একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বললেন, ‘দিনটা গেলেই বাঁচি।’ তবে প্রার্থীদের কাছে এটি শুধু একটি দিন নয়, মানসম্মান আর ক্ষমতার লড়াই। চরবাড়িয়া ইউনিয়নে বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জিয়াউল ইসলাম অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থী কেন্দ্র দখল করে জনগণের ভোটাধিকার হরণ করার ষড়যন্ত্রে মেতে উঠেছেন।
বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার বলেন, ‘নির্বাচন কমিশন ঠিকমতো দায়িত্ব পালন করছে না। অতীতের মতোই ভোট ডাকাতি হবে বলে আমাদের শঙ্কা।’
শুধু যে বিএনপির প্রার্থীরাই আতঙ্কে আছেন, তা নয়। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাও সুষ্ঠু নির্বাচন নিয়ে আতঙ্কে আছেন। বানারীপাড়ার চাখার ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মজিবুল ইসলাম বলেন, ‘দুদিন আগে আওয়ামী লীগের লোকজন আমার কার্যালয় ভাঙচুর করেছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় আছি।’ এমনই শঙ্কা প্রকাশ করেছেন বরিশালের অন্তত ৩০টি ইউনিয়নের বিদ্রোহী প্রার্থীরা।
বিদ্রোহী প্রার্থীদের পাশাপাশি আওয়ামী লীগের ক্ষমতাসীন শরিক দল ওয়ার্কার্স পার্টির প্রার্থীরাও নির্বাচন নিয়ে তাঁদের শঙ্কার কথা জানিয়েছেন।
বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের ওয়ার্কার্স পার্টির প্রার্থী আনিসুর রহমান বলেন, ‘আমরাও সরকারি দল। আওয়ামী লীগও সরকারি দল। কিন্তু তারা বড় দল বলে একচেটিয়া সব দখল করতে চায়। কিন্তু আমরা ছেড়ে দেব না।’
জানতে চাইলে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুস প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের পরিবেশ ভালো। আওয়ামী লীগ গত সাত বছরে যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের কারণেই সব জায়গায় আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হবে।’
স্থানীয় লোকজন জানালেন, নির্বাচনকে কেন্দ্র করে গত দুই সপ্তাহে বানারীপাড়া, উজিরপুর, মেহেন্দীগঞ্জ, বাকেরগঞ্জ ও গৌরনদীতে এখন পর্যন্ত অন্তত ২০ বার আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে বিদ্রোহী প্রার্থীর সংঘর্ষ হয়েছে। নির্বাচন সামনে রেখে মুলাদী ও উজিরপুরে বহিরাগতদের আনাগোনা বেড়েছে বলেও অভিযোগ উঠেছে।
তবে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা বলছেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন। জেলায় ৭৪ ইউনিয়নের ৬৭৩ কেন্দ্রের ৩ হাজার ৭১২টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিভিন্ন বাহিনীর মোট ১১ হাজার ৩৪৬ জন সদস্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন।
বরিশালের পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান বলেন, জেলায় পৃথকভাবে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়নি। সব কেন্দ্রকে সমান গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতি কেন্দ্রে পুলিশ, আনসার ছাড়াও র্যাব পুলিশের বিশেষ টিম কাজ করবে। নির্বাহী ও বিচারিক হাকিমরা থাকবেন। শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার।