ফুরসত না পাওয়াই তাঁদের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বছরই ব্যস্ত থাকেন তাঁরা। তবে ঈদের মৌসুমে বাবুরহাটের ব্যবসায়ীদের বাবুগিরি একটু অন্য রকম। দম ফেলার ফুরসত নেই। আর এতেই তাঁদের আনন্দ।স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে, কয়েক শ বছর আগে ব্রহ্মপুত্র নদের পাশ ঘেঁষে গড়ে ওঠে বাবুরহাট। ঢাকার জিরো পয়েন্ট থেকে ৪০ কিলোমিটার দূরে নরসিংদী সদর উপজেলার মাধবদীর শেখেরচরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এর অবস্থান। বর্তমানে এটি দেশের সবচেয়ে বড় কাপড়ের পাইকারি হাট। প্রতি শুক্র, শনি ও রোববার বসে হাট। এখানে বিক্রি হওয়া থান কাপড়, শাড়ি ও লুঙ্গি উ ৎ পন্ন হয় স্থানীয় তাঁত থেকে। একই সঙ্গে অন্যান্য স্থান থেকে উ ৎ পাদিত নাইট কুইন, দেশি জর্জেট, লেজার জর্জেট, পপলিন কাপড়, ভয়েল কাপড়, সুতি, জাপানি সিল্কসহ বিভিন্ন প্রকারের থ্রিপিসও পাওয়া যায় বেশ। হাট থেকে কেনা কাপড় চলে যায় ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, খুলনা, বগুড়া, হবিগঞ্জ, কুমিল্লাসহ দেশের প্রায় সব জেলায়। এই হাট ঘিরে নরসিংদী জেলাসহ নারায়ণগঞ্জ ও গাজীপুরে গড়ে উঠেছে কয়েক লাখ তাঁতকল। একইভাবে কয়েক শ সহায়ক শিল্পপ্রতিষ্ঠান।গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, আগে যেসব বাসের বাবুরহাটে যাত্রাবিরতি ছিল না, এখন সেসব বাসও কিছু সময়ের জন্য যাত্রাবিরতি দিচ্ছে। প্রতিটি বাস থেকে এক-দুজন করে ক্রেতা-বিক্রেতা নামছেন। হাটটি ছিল পাইকারদের আনাগোনায় সরব। তাঁরা কাপড় কিনছেন আর ছোট ভ্যানে করে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অপেক্ষমাণ ট্রাকে তুলছেন। কাপড়ভর্তি ট্রাক যাচ্ছে আর খালি ট্রাক আসছে।মংলা থেকে আসা পাইকার সেকান্দর আলীর (৬০) বলেন, ‘মংলা পোর্টের সঙ্গে আমার কাপড়ের ঘর। এখান থেকে কাপড় নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছি। ঈদের মৌসুমটিও চালাচ্ছি বাবুরহাট থেকে কাপড় নিয়ে।’ একই কথা বলেন পাবনা থেকে আসা সফর আলী (৫৫)।দেশের নামীদামি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে এবারের ঈদের মৌসুমে কাপড়ে ভিন্নতা এনেছেন বাবুরহাটের ব্যবসায়ীরা। তবে চায়না কাপড়ের আধিক্য তাঁদের সমস্যায় ফেলেছে, সঙ্গে ভারতীয় কাপড়ও। ব্যবসায়ীরা বলছেন, ব্যবসা আরও ভালো হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। ‘সুতার অস্বাভাবিক মূল্যবৃদ্ধি আমাদের বাড়া ভাতে ছাই দিয়েছে’—এমন মন্তব্য শোনা গেছে অনেকের মুখে।কথা হয় বাবুরহাটের বৈশাখী শ্রীপুর বস্ত্রবিতানের ব্যবস্থাপক বাবুল সাহার সঙ্গে। কেমন গেল বাজার—এমন প্রশ্নের উত্তরে বাবুল সাহা বলেন, ‘ভালো। সুতার মূল্য ওঠানামা করার কারণে বাজার স্থিতিশীল ছিল না। এতে কারও কারও বেশি লাভ হয়েছে। অনেকে ক্ষতির মধ্যে পড়েছেন।’বাবুরহাট শেখেরচর বণিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘বাবুরহাটের ব্যবসায়ীদের এখন দম ফেলার ফুরসত নেই। যত বিক্রি তত ব্যস্ততা, ততই আনন্দ। আমাদের মতে, এবার প্রতি হাটের দিন গড়ে অন্তত ৩০০ কোটি টাকার কাপড় বিক্রি হচ্ছে।’ব্যবসায়ী নেতা মোশারফ বলেন, ‘বাবুরহাটে ব্যবসা করতে হলে মাশুল দিতে হয় না। পাইকারদের দেওয়া হয় বিশেষ নিরাপত্তা। সেবামূলক দৃষ্টিভঙ্গি থাকায় দেশের বিভিন্ন স্থানের পাইকাররা বাবুর হাটের প্রতি আস্থা রেখে আসছেন।’