ফুল আর অশ্রুতে স্মরণ

বেদনার রং নাকি কালো। তাই ধসে পড়া রানা প্লাজার স্থান ঘিরে দেওয়া টিনের বেড়া ছেয়ে গেছে কালো ব্যানারে। লাগোয়া স্মৃতিস্তম্ভও ভরে যায় ফুলে ফুলে। সব হারানো স্বজনদের অশ্রু আর হাজারো মানুষের ফুলেল শ্রদ্ধার মধ্য দিয়ে রানা প্লাজা ধসের বছর পূর্তি উদ্যাপন করা হয় গতকাল বৃহস্পতিবার।
রানা প্লাজা ধসে পড়েছিল গত বছরের ২৪ এপ্রিল সকাল পৌনে নয়টার দিকে। এক বছর পর ২৩ এপ্রিল রাত থেকেই মানুষের শ্রদ্ধা নিবেদন শুরু হয়। গতকাল সকালে পুরো এলাকা নিহত ও নিখোঁজদের স্বজন এবং আহতদের বেদনামুখর উপস্থিতিতে ভারী হয়ে ওঠে। তাঁদের সঙ্গে যোগ দেয় কয়েক হাজার সাধারণ মানুষও।
বেলা ১১টার দিকে স্মৃতিস্তম্ভের কাছে এসে অনমনা দাঁড়িয়ে ছিলেন সাভার নামাবাজার এলাকায় একটি ডেকোরেটরে কাজ করা হাবিবুল্লাহ। রানা প্লাজায় তাঁর কোনো স্বজন নিহত বা আহত হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কেউ ছিল না। তবে ভবনধসের পর উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলাম। বেশ কয়েকজনকে জীবিত উদ্ধারে কাজ করেছি। এক বছর পর এসে মনটাই খারাপ হয়ে গেছে। তবে দোষীদের কঠোর শাস্তি হলে ভালো লাগবে।’
সকাল থেকে শত শত শ্রমিক মিছিল নিয়ে ধসে পড়া ভবনের সামনে আসেন। গার্মেন্টস শ্রমিক সংহতি পরিষদ গায়ে কাফনের কাপড় পরে মিছিল করে।
মিছিলগুলোতে যেসব স্লোগান দেওয়া হয়, তার মধ্যে ছিল রানার ফাঁসি চাই। যে হাত শ্রমিক মারে, সেই হাত ভেঙে দাও। রানা প্লাজার শ্রমিকের ক্ষতিপূরণ দিতে হবে। এক বছর পার হলো, ক্ষতিপূরণের কী হলো?
নিখোঁজ শ্রমিকদের ছবি ও পরিচয়-সংবলিত লেমিনেটিং করা কার্ড গলায় ঝুলিয়ে তাঁদের স্বজনদের আর্তনাদ করতে দেখা গেছে।
বর্ষপূর্তি উপলক্ষে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ঢাকা জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা জেলা পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, স্থানীয় প্রশাসন, বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। ব্যক্তিগতভাবেও অনেকে এসে শ্রদ্ধা জানান।
পুলিশ ব্লাড ব্যাংক ও টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে। রক্ত দেওয়ার বিনিময়ে বেশ কয়েকটি রোগের বিনা মূল্যে পরীক্ষা করার সুযোগ ছিল সেখানে। হোপ ৮৭ নামে একটি বেসরকারি সংস্থা নিখোঁজ ব্যক্তি ও অনাথ শিশুদের নামের তালিকা করার কর্মসূচি পালন করে। সাভার অধরচন্দ্র উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দোওয়া মাহফিল হয়। সেখানে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত হয়।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সকাল আটটার দিকে মিছিলসহকারে এসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় তারা অভিযোগ করে, রানা প্লাজা ধসের বর্ষপূর্তিতে সাভারের অনেক পোশাক কারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হয়নি। এ জন্য শ্রমিকেরা ক্ষুব্ধ

সকাল নয়টার দিকে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ব্যানারে বড় মিছিল নিয়ে শ্রমিকেরা শ্রদ্ধা জানাতে আসেন। সাভারের সুরমা টেক্সটাইলের শ্রমিক রহিমা বেগম ও মালতী রানী দাস বলেন, ‘আমরা বাইচ্চা আছি। আমাদের ভাই-বোনরা তো চলে গেছে। যারা মারছে, তাদের যেন শাস্তি হয়—এই দাবি জানাই।’
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালনাকারী বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন রানা প্লাজা ধসের স্থানে শ্রমিক নিরাপত্তা সৌধ করার দাবি জানায়।
রক্তদান কর্মসূচি উদ্বোধন করে সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেন, রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের একটা নীতিমাল ঘোষণা করতে হবে। এক বছর ধরে ক্ষতিপূরণ ঝুলে থাকা হতাশাজনক। নিখোঁজদের সব তথ্য স্পষ্টভাবে প্রকাশ করার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
সকালে রানা প্লাজা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও কালো পতাকা মিছিল করে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। রানা প্লাজার মালিক ও ভবনের পোশাক কারখানার মালিকদের সর্বোচ্চ শাস্তি প্রদান এবং নিহত ও নিখোঁজ শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ৪৮ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।
বাংলাদেশ শ্রম অধিকার ফোরাম ২৪ এপ্রিলকে গার্মেন্টস শ্রমিক শোক দিবস ঘোষণার দাবি জানায়।
এ ছাড়া স্মৃতিস্তম্ভে আরও যেসব সংগঠন শ্রদ্ধা নিবেদন করে, তার মধ্যে রয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন, বাংলাদেশ সেন্টার ফর সলিডারিটি স্টাডিজ, গণসংহতি আন্দোলন, ল্যাম্পপোস্ট ইত্যাদি।