ফুল ও মিষ্টি হাতে ভক্তরা গেলেন মিরাজের বাড়ি

খেলা শেষ হতে না হতেই ফুল ও মিষ্টি নিয়ে ভক্তরা ছুটে যান খুলনার খালিশপুর থানার কাশীপুর এলাকায় মিরাজের ভাড়া বাড়িতে। সেখানে তাঁর মা-বাবা আরও বোন আছেন। একসময় বাড়িতে লোক আর ধরে না। ধরবেই বা কেন?
মেহেদী হাসান মিরাজ আজ দেশের গর্ব। অভিষেক টেস্টেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তাঁর হাত ধরেই গতকাল রোববার এসেছে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এ আনন্দ এলাকাবাসীর আর ধরে না। এ জন্যই তাঁদের প্রিয় তারকার বাড়ি ছুটে আসা।
জানতে চাইলে মিরাজের বাবা মো. আবদুল জলিল প্রথম আলোকে বলেন, এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। তাঁর ছেলের জন্য গর্বে বুক ভরে ওঠে তাঁর। ফুল ও মিষ্টি হাতে এলাকার লোকজনের এই ছুটে আসা দেখে তিনি মুগ্ধ। তাঁর ছেলে মিরাজ আজ শুধু খুলনার নন, সারা দেশের গর্ব।
খুলনায় মিরাজ খেলেন কাশীপুর ক্রিকেট একাডেমিতে। এ একাডেমির সভাপতি শেখ খালিদ হাসান বলেন, ২০০৭ সালে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৩ খেলায় চ্যাম্পিয়ন হয়ে প্রথম পুরস্কার ওঠে মিরাজের হাতে। বর্তমানে এ একাডেমির ক্রিকেট প্রশিক্ষক ও দলের ক্যাপ্টেন মিরাজ। মিরাজ অসম্ভব প্রতিভাধর খেলোয়াড়।
যাঁর হাত ধরে মিরাজের খেলা শুরু, সেই কাশীপুর ক্রিকেট একাডেমির প্রশিক্ষক মো. আল মাহমুদ রয়েছেন ঢাকায়। সন্ধ্যায় মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘ছোট একটি পরিসর থেকে মিরাজ তাঁর মেধা ও বুদ্ধিমত্তা দিয়ে উঠে এসেছে। আমি চাই সে আরও ভালো করুক। দেশের মুখ উজ্জ্বল করুক।’
মিরাজের বাড়িতে মিষ্টি নিয়ে এসেছেন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুল ইসলাম।
তিনি বলেন, ‘মিরাজ মাঠে নামার আগে আমার সঙ্গে মুঠোফোনে কথা বলে দোয়া চেয়েছিল। তার কৃতিত্বে সারা দেশ এখন খুশি। আনন্দে ভাসছে খুলনার মানুষ। এ আনন্দ থেকে মিষ্টি নিয়ে আসা। এভাবেই যেন সে বারবার দেশের মানুষকে আনন্দে ভাসাতে পারে।’
মিরাজদের ভাড়া বাড়ি। দুটি কক্ষের টিনের চালাঘর। বাঁশের চাটাই দিয়ে বারান্দার একটি অংশে তৈরি করা হয়েছে আরেকটি কক্ষ। একটি কক্ষে সাজানো পদক। মিরাজের বাবা বলেন, বিভিন্ন সময় এসব পদক মিরাজই জয় করে আনেন।