ফুল চাষে স্বাবলম্বী লিটন

ফুলের চাষ করে স্বাবলম্বী হয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি গ্রামের লিটন কুমার (৩৫)। তাঁর মাসিক আয় প্রায় ১১ হাজার টাকা। অভাব এখন আর তাঁর দুয়ারে হানা দিতে পারে না।
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, লিটন কুমারের বাড়ির সামনে ফুলের বাগান। সেখানে লিটন বাগান পরিচর্যায় ব্যস্ত। তাঁর সঙ্গে কথা বলে জানা গেল, ২০০৭ সালে বেকার অবস্থায় বিয়ে করেন তিনি। এক বছর পর তাঁদের সংসারে মেয়েসন্তান জন্ম নেয়। সম্পদ বলতে ছিল ২৫ শতক বসতভিটা ও ৫৭ শতক আবাদি জমি। ধারদেনা করে বৈদ্যুতিক সামগ্রীর দোকান দেন। দোকানের আয়ে ছয় সদস্যের সংসারের খরচ হতো না। পরে সাদুল্যাপুর উপজেলায় তাঁর এক আত্মীয়ের ফুল চাষে সাফল্য দেখে তিনি ফুল চাষের পরিকল্পনা নেন।
২০১০ সালে ২০ শতক জমিতে গোলাপ ফুলের চারা লাগান। এতে খরচ হয় প্রায় তিন হাজার টাকা। পাঁচ মাস পর পাঁচ হাজার টাকার গোলাপ বিক্রি করেন। এতে ফুল চাষে উৎসাহ বেড়ে যায়। ওই বছরেই তিনি অবশিষ্ট ৩৭ শতক জমিতে গাদা ফুলের চাষ করেন। ব্যবসা লাভজনক হওয়ায় তিনি ফুল চাষের পরিমাণ বাড়াতে থাকেন। ৪০ শতক জমি ইজারা নেন। এর মধ্যে ১৫ শতকে রজনীগন্ধা, ১০ শতকে গ্ল্যাডিওলাস, ১৫ শতকে সূর্যমুখী, গন্ধরাজ, হাসনাহেনাসহ বিভিন্ন ফুলের চাষ করেন। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীত মৌসুমে ফুলের চাহিদা বেড়ে যায়। দামও তুলনামূলক বেশি থাকে। তবে সারা বছর গাদা ও গোলাপ বিক্রি করছেন।

লিটন জানান, বর্তমানে তিনি মোট ৯৭ শতক জমিতে নানা জাতের ফুলের চাষ করছেন। খরচ বাদে ফুল বিক্রি করে তাঁর মাসিক আয় গড়ে ১১ হাজার টাকা। এই আয় দিয়ে নয় সদস্যের সংসার চলছে। ফুল চাষের আয় দিয়ে নির্মাণ করেছেন ২৬ হাত দৈর্ঘ্য ও ৯ হাত প্রস্থের আধা পাকা একটি ঘর। এ ছাড়া ৭ বিঘা জমি ইজারা নিয়ে ধান চাষও করছেন। সব মিলিয়ে তিনি বর্তমানে ১৫ লাখ টাকার সম্পদের মালিক। অথচ আগে তাঁর খড়ের তৈরি ঘর ছিল। লিটন এইচএসসি পাস করে কোনো চাকরি পাননি। তাঁর স্ত্রী সম্পা রানী গৃহিণী। বড় মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। ছোট মেয়ের বয়স চার বছর।
এ ছাড়া লিটনের বাগানে পাঁচজন শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছেন। লিটন কুমার গাইবান্ধা শহরের পাঁচটি দোকানে ফুল সরবরাহ করছেন। তাঁর সরবরাহ করা ফুল বিক্রি করে স্থানীয় ফুল ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন। গাইবান্ধা শহরের ডিবি রোডের ফুল বিক্রয় কেন্দ্র ‘মৃত্তিকা’র স্বত্বাধিকারী নয়ন কুমার বর্মণ বলেন, যশোর থেকে গাইবান্ধায় ফুল আনতেই শুকিয়ে যেত, খরচ বেশি পড়ত। প্রতিটি রজনীগন্ধার স্টিক যশোরে ৬ টাকা ও গাইবান্ধায় ৩ টাকা, ১০০টি গাদা ফুল যশোরে ৪০ টাকা ও গাইবান্ধায় ২৫ টাকা, প্রতিটি গোলাপ যশোরে ৩ টাকা ৫০ পয়সা ও গাইবান্ধায় ২ টাকা ৫০ পয়সা। পাশাপাশি ক্রেতারা তাজা ফুল কম দামে পাচ্ছেন। লিটন কুমার বলেন, ‘বিভিন্ন জাতীয় দিবসের আগে ফুল সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে। তাই আগামী বছর জমি বর্গা নিয়ে আরও তিন বিঘা জমিতে ফুল চাষের উদ্যোগ নিয়েছি।’