ফুল ছেঁড়ায় আছাড়, প্রাণ গেল ফুলের মতো শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলের মতো ফুটফুটে শিশু শান্ত মোল্লা। বয়স সাত বছর। তুলতুলে হাতে স্কুলের বাগানের একটা ফুল ছিঁড়েছিল সে। এই ‘অপরাধে’ এক ‘দায়িত্বশীল’ প্রতিবেশী তাকে সাজা দিলেন। শূন্যে তুলে আছাড় মারলেন। শান্তর পা ভাঙল। গ্রাম্য চিকিত্সকের অপচিকিত্সায় সেই পায়ে পচন ধরল। আজ শনিবার সে ফুলের মতো চিরতরে ঝরে গেল। চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শান্ত মোল্লার বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেব বাজার এলাকায়। বাবার নাম আবদুস শুক্কুর মোল্লা। সে স্থানীয় ৭১ নম্বর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।

শান্তর মা শিমু বেগম জানান, ১ এপ্রিল সকালে বিদ্যালয়ে যায় শান্ত। বিদ্যালয়ের মাঠের ফুলবাগান থেকে সে একটি ফুল ছেঁড়ে। ফুল ছিঁড়তে দেখে সেখানে পাশের বাড়ির শাহ আলম গাজী শান্তকে আছাড় দেন। এতে শান্তর পা ভেঙে যায়। তার বড় ভাই সুজন মোল্লা সেখানে গেলে শাহ আলম সেখান থেকে সরে যান।
শান্তর মা বলেন, এ ঘটনার পরদিন থেকেই শাহ আলম গাজী পলাতক।

শান্তর মা আরও জানান, শান্তকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক শাহাদাত হোসেন বলেন, ‘শান্তর ডান পা ভেঙে গেছে।’ পরে শান্তর পরিবার তাঁকে চাঁদপুর সদরের মৈশাদী গ্রামে নিয়ে গ্রাম্য চিকিত্সা করান। সেখানে শান্ত আরও অসুস্থ হয়ে পড়ে। তাঁর পায়ে সংক্রমণ হয়। এ অবস্থায় গতকাল শুক্রবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে শান্তকে ভর্তি করা হয়। আজ শনিবার সকালে সে মারা যায়।

এ ব্যাপারে চাঁদপুর সদর হাসপাতালের চিকিত্সক মাহবুব আলী খান বলেন, গ্রাম্য ভুল চিকিত্সার কারণে শান্তর পা পচে যায়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম জানান, ‘শান্তর পরিবারের পক্ষ থেকে স্কুলের প্রধান শিক্ষক হুমায়ূন কবির, আলম গাজী, নজরুল গাজীর নাম উল্লেখ করে একটি অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করছি।’