ফুল তোলায় মারধর অভিমানে আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলের জন্য প্রাণ গেল এক কিশোরীর। বিয়ের বরযাত্রীদের বরণ করার জন্য প্রতিবেশীর বাগান থেকে ফুল ছিঁড়ে আনায় মারধরের শিকার হয় ওই কিশোরী। অবশেষে ক্ষোভে-অভিমানে সবকিছু ছেড়ে চলে গেছে ওই কিশোরী। ঘটনাটি ঘটেছে নওগাঁর রাণীনগর উপজেলার লোহাচুরিয়া গ্রামে। অভিমানী ওই কিশোরীর নাম নাদিরা (১৩)। সে ওই গ্রামের নান্টু মিয়ার মেয়ে।গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার লোহাচুরিয়া গ্রামের বাসিন্দা সোলায়মান আলীর মেয়ের বিয়ে অনুষ্ঠিত হয়। ওই বিয়ের বরযাত্রীদের বরণ করার জন্য নাদিরা প্রতিবেশী আব্দুর রাজ্জাকের বাগান থেকে ফুল তুলে আনে। পরদিন শনিবার বিষয়টি জানার পর আব্দুর রাজ্জাকের স্ত্রী সেলিনা বেগম ক্ষিপ্ত হয়ে নাদিরাকে মারপিট করেন। এ ঘটনা জানার পর নাদিরার মা মেয়েকে আবারও মারপিট করে শাসন করেন। নাদিরা ক্ষোভে-ঘৃণায় অভিমান করে ওই দিন বিকেলে সবার অজান্তে বাড়িতে রাখা কীটনাশক পান করে। তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ব্যাপারে নাদিরার বাবা নান্টু মিয়া জানান, ওই ঘটনার জের ধরে নাদিরা বিষপানে আত্মহত্যা করেছে । রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহারিয়ার খান জানান, আত্মহত্যার ঘটনা কেউ থানায় জানায়নি।