ফুল দিয়ে ফেরার পথে ট্রাকচাপায় দুই বন্ধুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঝিনাইদহের কালীগঞ্জ শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে পরপারে চলে গেলেন দুই বন্ধু সাধন কুমার (২০) ও কৌশিক কুমার (১৯)। তাঁরা কালীগঞ্জ শহরের মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র। সাধন কুমার উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সুবোল কুমারের ছেলে আর কৌশিক কুমার একই গ্রামের বিষ্ণু কুমারের ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে দুই বন্ধু সকাল সাড়ে নয়টার দিকে একটি মোটরসাইকেলে করে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। ঝিনাইদহ-যশোর মহাসড়কের বেজপাড়ায় পৌঁছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা বিপরীতমুখী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সাধন কুমার মারা যান। মুমূর্ষু অবস্থায় কৌশিক কুমারকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা অখিল কুমার জানান, তাঁরা দুজন ঘনিষ্ঠ বন্ধু। তাঁরা একুশে ফেব্রুয়ারি নিয়ে দুই দিন ধরে কাজ করেছেন। সকালে নিশ্চিন্তপুর গ্রামের স্কুলে দিবসটি পালনের পর তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠান মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজেও ছুটে যান।