ফুল না নেওয়ায় অধ্যক্ষকে শিবিরের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদানকারী শিক্ষক শাহ মো. মোকসেদ আলীকে হুমকি দিয়েছেন ছাত্রশিবিরের নেতারা। এ ঘটনায় অধ্যক্ষ বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কলেজ সূত্রে জানা গেছে, গত শনিবার ইসলামী ছাত্রশিবির নতুন অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা দিতে গেলে অধ্যক্ষ রাজনৈতিক ছাত্রসংগঠনের পক্ষ থেকে এ ধরনের শুভেচ্ছা গ্রহণে অস্বীকৃতি জানালে শিবির নেতাদের সঙ্গে অধ্যক্ষের তর্কবিতর্ক হয়। অধ্যক্ষের দায়ের করা জিডিতে অভিযোগ করা হয়, ছাত্রসংগঠন শিবিরের কোনো ফুল না নেওয়ায় তারা (শিবির) ফিরে যাওয়ার সময় হুমকি দিয়েছে। অধ্যক্ষকে উদ্দেশ করে শিবিরের নেতা-কর্মীরা বলেছেন, ‘কেমন করে কলেজ চালান, তা দেখা যাবে।’ কলেজের অধ্যক্ষ শাহ মো. মোকসেদ আলী বলেন, ‘নিজের ও কলেজের সার্বিক নিরাপত্তার জন্য গত শনিবার থানায় জিডি করেছি।’ কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি রাজীব আহমেদ তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা নতুন অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা দিতে গিয়েছিলাম। কিন্তু কোনো প্রকার ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়নি।’ পুলিশ আরও জানায়, শিবিরের নেতা-কর্মীরা এর আগের অধ্যক্ষকেও হুমকি দিয়ে বাসভবন চত্বরে বোমা হামলা চালান। এ ঘটনায় ইতিপূর্বে ১৬ জন শিবির নেতা-কর্মী জেলও খেটেছেন। রংপুর পুলিশ সুপার সালেহ মোহামঞ্চদ তানভীর প্রথম আলোকে বলেন, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে। কলেজের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন তিনি।