ফুল নেবে গো ফুল…

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা কিংবা মধ্যরাতেও মধ্যবয়সী লোকটির হাতে থাকে অনেকগুলো বেলি ফুলের মালা। লাঠিতে সেই মালা সাজিয়ে হাসিমুখে দাঁড়িয়ে থাকেন তিনি। অফিসফেরত কেউ ফুল কিনতে চাইলে হাসিমুখে এগিয়ে যান ক্রেতার কাছে।
টিকাটুলী বা ওয়ারী দিয়ে যাঁরা রোজ কাজ শেষে বাড়ি ফেরেন, তাঁদের চোখে পড়বে মানুষটিকে। ইট–কাঠের এই শহরে রোজ রাতে যেখানে বাস-ট্রাক আর ঘরফেরত মানুষের কোলাহল, তখন শান্ত–স্নিগ্ধ হাসি দিয়ে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকেন তিনি।
তাঁর নাম মোহাম্মদ রতন। বয়স ৪৫। গত রোববার কথা হয় তাঁর সঙ্গে। জানালেন, এই শহরে এক যুগ ধরেই রাতে ফুল বিক্রি করছেন তিনি। রতনের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানার কলাবাগে। সেখানেই ফুলের বাগানের শ্রমিক হিসেবে কাজ করেন। স্ত্রী হালিমা অন্যের বাসাবাড়িতে কাজ করেন। দুই ছেলেমেয়ে। রতন জানালেন, ফুলবাগানের শ্রমিক হিসেবে রোজ ২০০ থেকে ৩০০ টাকা পান। সেই টাকা দিয়ে বেলি ফুল কিনে বাড়িতে আনেন। তাঁর স্ত্রী ও বোন তিন থেকে চার শ মালা গাঁথেন। মালা নিয়ে রতন বিকেলে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসেন। বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত টিকাটুলী, ওয়ারী কিংবা মতিঝিলে ফুলের মালা বিক্রি করেন। হাজার খানেক টাকায় সেই মালা বিক্রি হয়।
রতনের ফুল বিক্রির দর্শনও আছে। রতন হাসতে হাসতে সেই দর্শন খোলাসা করেন। বলেন, ‘সারা দিন কাজ করে সন্ধ্যায় বা রোজ রাতে যাঁরা বাড়ি ফেরেন, তাঁদের জন্যই আমি ফুল বিক্রি করি। অনেক সময় তরুণ ছেলেমেয়েরাও ফুল কেনেন। চার থেকে পাঁচ টাকা একেকটা ফুলের মালা। কিন্তু এই একটা ফুলের মালা একজন মানুষের পরিবারে জীবনে যে সুখ নিয়ে আসতে পারে, তার দাম হাজার কিংবা লাখ টাকা।’
সেটা কীভাবে হয়? জানতে চাইলে হাসতে হাসতে রতন বলেন, ‘ধরেন আপনার বউয়ের সঙ্গে আপনার রাগারাগি হয়েছে। সারা দিন কথা বলেন নাই। বাড়ি যাওয়ার সময় কয়েকটা বেলি ফুলের মালা নিয়ে যান। দেখবেন সমস্যার সমাধান। আবার ধরেন আপনার বেশি টাকা নাই। বউকে দামি কিছু দিতে পারছেন না। দশটা ফুলের মালা নিয়ে যান ৪০-৫০ টাকায়। দেখবেন অনেক দামি উপহারের চেয়ে বেশি কাজ করবে।’
নিজে লেখাপড়া সেভাবে করতে পারেননি রতন। তবে আট বছরের ছেলে সোহেল আর চার বছরের মেয়ে রাশিদা দুজনকেই লেখাপড়া শেখাতে চান তিনি। সেই নারায়ণগঞ্জ থেকে এসে ফুল বিক্রি করে কত টাকা লাভ থাকে? রতনের জবাব, ‘খুব বেশি লাভ থাকে না। কিন্তু আমার ফুল কিনে যদি কোনো মানুষ হাসিমুখে বাড়ি ফেরেন, সেটাই আমার লাভ।’