ফুল বিক্রেতা বাসন্তী কাউন্সিলর প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য প্রার্থীরা যখন প্রচারণায় মহা ব্যস্ত, বাসন্তী তখন ফুলগাছে পানি দিচ্ছেন। তাঁর পুরো নাম বাসন্তী রানী কুমারী (৪৮)। তিনি জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী। তিনি পেশায় একজন ফুল ব্যবসায়ী।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, আক্কেলপুর শহরের রেলগেট এলাকায় আল মদিনা মার্কেটের একটি দোকানে ‘বাসন্তী ফুলঘর অ্যান্ড নার্সারি’ লেখা সাইনবোর্ড। এটিই বাসন্তীর ফুলের দোকান। তিনি সেখানে নেই। মার্কেটের এক দোকানি জানান, বাসন্তী মার্কেটের ভেতরে থাকা তাঁর নার্সারির ফুলগাছের পরিচর্যা করছেন। দোকান থেকে নার্সারির দূরত্ব মাত্র ১০ গজ। সেখানে গিয়ে দেখা গেল, বাসন্তী আপন মনে ফুলগাছে পানি দিচ্ছেন।
বাসন্তী রানী বলেন, ‘ফুলের দোকানদারি ও নার্সারির পরিচর্যার পর যে সময় পাই, সেই সময়টায় নির্বাচনী প্রচারণা চালাই। প্রচারণায় সময় আপন ভাই ছাড়া অন্য কাউকে সঙ্গে নিই না।’ নির্বাচনে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আগে নির্বাচনে অনেক প্রার্থীর পক্ষ হয়ে কাজ করেছি। নির্বাচিত হওয়ার পর তাঁরা টাকা ছাড়া আমাকে কোনো সেবা দেননি। এ ক্ষোভে নির্বাচন করছি। আমার সংসার জীবন নেই। বাকি জীবনটা মানুষের সেবায় কাটিয়ে দিতে চাই।’
পারিবারিক সূত্রে জানা যায়, আট ভাই-বোনের মধ্যে বাসন্তী রানী দ্বিতীয়। তিনি ছোট বয়স থেকেই ফুল ও ফলের গাছের ব্যবসায় জড়িয়ে পড়েন। শহরের বিভিন্ন হাটে গিয়ে গাছ বিক্রি করতেন। ৮-১০ বছর আগে রেলগেট এলাকার এই দোকানটি ভাড়া নিয়ে ফুলের ব্যবসা করেন। মার্কেটের ভেতরে ছোটখাটো একটি নার্সারি দিয়েছেন। পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ইচ্ছে জাগে তাঁর। পরিবারের সদস্যরা প্রথমে সায় না দিলেও তিনি মনোনয়নপত্র জমা দেওয়ায় লোকজনের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। এখন পরিবারের লোকজনও তাঁর বিজয়ের ব্যাপারে আশাবাদী।
ছোট ভাই বিকু মহন্ত বলেন, ‘আমাদের পরিবার খুবই গরিব। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। বড় দিদি নিজের আয় দিয়ে চলেন। দিদি বিয়ে করেননি। কখনো বিয়ের কথা ভাবেননি। দিদি ছোট থেকেই ফুল-ফলের ব্যবসা করছেন। দিদি বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হবেন—এমনটাই আমরা আশা করছি।’
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা বলেন, এবার পৌরসভা নির্বাচনে সংরক্ষিত তিনটি ওয়ার্ডে মোট চারজন সংখ্যালঘু নারী কাউন্সিলর প্রার্থী হয়েছেন। এঁদের মধ্যে বাসন্তী রানী কুমারী অতি দরিদ্র।