ফুল হাতে শ্রদ্ধা মনে শহীদদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে ৬২ বছর আগে বাংলা ভাষায় কথা বলার দাবি প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ ভাষাশহীদেরা। শহীদদের প্রতি সম্মান জানাতে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানের শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে যায় মিনারের বেদি। রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শিশু, কিশোর, কিশোরী, তরুণ-তরুণী ও প্রবীণেরা অংশ নেন প্রভাতফেরিতে। আয়োজন করা হয় আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানের। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: প্রথম প্রহরে রাজশাহী কলেজ শহীদ মিনারে রাজশাহী কলেজ, মহানগর আওয়ামী লীগ, মহানগর বিএনপি, জেলা বিএনপি, রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগ, নগর শ্রমিক লীগ, মহানগর জাতীয় পার্টি, মহানগর যুবলীগ ও মহানগর যুবদল শ্রদ্ধা জানায়। নগরের ভূবন মোহন পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন, ওয়ার্কার্স পার্টি রাজশাহী জেলা ও মহানগর শাখা, জাতীয় শ্রমিক ফেডারেশন, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, জাতীয় আদিবাসী পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদ। নগরের কোর্ট শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ, জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন চৌধুরী, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান ও রাজশাহী পুলিশ সুপার আলমগীর কবির।
বগুড়া: সকাল সাড়ে নয়টায় ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) ছিন্নমূল শিশুদের জন্য বগুড়া রেল স্টেশনের প্ল্যাটফর্মে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এতে অংশ নেওয়া শিশুরা কোনো দিন রং ও তুলি দিয়ে ছবি আঁকেনি। গতকাল তারা সুযোগ পেয়ে মনের ভেতর লুকিয়ে থাকা কল্পনাগুলোকে হাতের ছোঁয়ায় ফুটিয়ে তুলেছে সাদা কাগজে। সংগঠনের সভাপতি জাওয়াদুল করিম জানান, বগুড়ায় ছিন্নমূল শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এটাই প্রথম। প্রতিযোগিতায় শিশুদের তিনটি বিভাগে পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
পাবনা: প্রথম প্রহরে পাবনা কেন্দ্রীয় শহীদ মিনারে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা প্রশাসক, পুলিশ সুপার,
আওয়ামী লীগ, বিএনপি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা ড্রামা সার্কেল, সুচিত্রা সেন সঞ্চৃতি সংরক্ষণ পরিষদ, একুশে বইমেলা উদ্যাপন পরিষদ, রিপোর্টার্স ইউনিটি ও বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এ ছাড়া জেলা প্রশাসনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সিরাজগঞ্জ: দিবসের প্রথম প্রহরে জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেন স্থানীয় বাজার স্টেশন কেন্দ্রীয় শহীদ মিনার ‘মুক্তির সোপানে’ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একে একে জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ,সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
নওগাঁ: শুক্রবার রাত ১২টা এক মিনিটে প্রথম প্রহরে জেলা শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।