ফুলকপির ফলন ভালো, দাম বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় ফলন ও দাম দুটোই বেশি হওয়ায় আগাম জাতের ফুলকপিচাষিদের চোখেমুখে খুশির ঝিলিক। স্থানীয় হাটবাজারে গত বছরের এই সময়ে ফুলকপি প্রতি মণ ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হলেও এ বছর পুরো দৃশ্যপটই পাল্টে গেছে। বর্তমানে প্রতি মণ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় শীতকালীন আগাম সবজি হিসেবে ১ হাজার ৩৭১ হেক্টর জমিতে ফুলকপির আবাদ করা হয়েছে। ফুলকপির বাজারজাত শুরু হয়েছে। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মোকামে পাঠানো হচ্ছে।
সরেজমিনে গত তিন দিন জেলার বিভিন্ন এলাকা ঘুরে মাঠের পর মাঠ ফুলকপির খেত চোখে পড়ে। সবুজ পাতাঘেরা হলুদাভ রঙের ফুলকপির ওপর সূর্যের আলো অন্য রকম আবহ সৃষ্টি করেছে। এবার ব্যাপক চাহিদা থাকায় হাটবাজারে নেওয়ার তেমন ঝামেলা নেই। কৃষকেরা খেত থেকে তুলে রাস্তার পাশে স্তূপ করে রাখছেন। খেতের পাশেই মেঠো রাস্তায় ট্রাকের সারি। খেত থেকেই পাইকারেরা তা কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন স্থানে।
গত মঙ্গলবার সকালে সদর উপজেলার গাইদঘাট গ্রামে একটি ফুলকপি খেতে দাঁড়িয়ে কথা হয় কৃষক আনোয়ার জোয়ার্দ্দারের সঙ্গে। শ্রমিকেরা খেত থেকে কপি তুলে খেতের পাশেই দাঁড়ানো ট্রাকে ভর্তি করছিলেন, তদারক করছিলেন আনোয়ার। ফুরফুরে মেজাজে থাকা আনোয়ার জানান, এবার ২০ বিঘা জমিতে ফুলকপির আবাদ করেছেন। ফলনও ভালো হয়েছে। বিঘাপ্রতি ১৫ হাজার হিসেবে তাঁর মোট খরচ হয়েছে ৩ লাখ টাকা। এ পর্যন্ত ১৪ বিঘা কপি বিক্রি ৫ লাখ ৫০ হাজার টাকায় করেছেন। খরচ বাদে ২ লাখ ৫০ হাজার টাকা ঘরে তুলেছেন। এখনো ছয় বিঘা জমিতে কপি রয়েছে, যা বিক্রি করে কমপক্ষে আরও ২ লাখ ৫০ হাজার টাকা লাভ হবে। তিনি বলেন, ‘এ বছর প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় ফলন ভালো হয়েছে। বাজারে চাহিদা থাকায় দামও ভালো পাওয়া যাচ্ছে।’
গাইদঘাট গ্রামে কথা হয় মুন্সিগঞ্জ জেলা থেকে আসা পাইকারি ব্যবসায়ী আলাউদ্দিন সাগরের সঙ্গে। তিনি চুয়াডাঙ্গা থেকে সবজি কিনে ঢাকার কারওয়ান বাজারের আড়তে বিক্রি করেন। আলাউদ্দিন বলেন, ‘২০ বছর ধরে সবজির ব্যবসা করছি। ঢাকার বাজারে চুয়াডাঙ্গার সবজির ভালো চাহিদা আছে। এখানকার সবজিচাষিরা প্রতিটি ফসল বেশ যত্ন করে ফলায়। সে কারণে অন্য এলাকার তুলনায় চুয়াডাঙ্গার সবজির দামও বেশি।’
সদর উপজেলার বেলগাছি গ্রামের ইস্রাফিল হোসেন এবার পাঁচ বিঘা জমিতে ফুলকপির আবাদ করেন। তিনি জানান, টানা দুই বছর লোকসানের পর এবার দুটো পয়সার মুখ দেখেছেন। আশানুরূপ লাভও পেয়েছেন। তিনি বলেন, ‘গ্যালো দুইবার ফুলকপির আবাদ কইরে খুপ লুকসান হয়েলো। এবেড্ডা লাব না হলি মাটে মারা যাতাম।’
চুয়াডাঙ্গা বড় বাজারের সবজিপট্টির আড়তদার শাহ আলম বলেন, এ বছর চাষিরা ফুলকপিতে বিগত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছেন। প্রথম প্রথম ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বর্তমানেও ভালো কপি ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক নির্মল কুমার দে বলেন, ‘এবার আগাম জাতের ফুলকপির ফলন ভালো হওয়ায় ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে।’