ফুলকি বিদ্যানিকেতনের প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন
চট্টগ্রামের ফুলকি বিদ্যানিকেতনের মিলনায়তন ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শিশুদের শিক্ষা দিতে হয় আনন্দের মধ্য দিয়ে। আনন্দময় শিক্ষাই হচ্ছে আসল শিক্ষা। এতে তারা নিজেদের সৃজনশীল হিসেবে গড়ে তুলতে পারবে। গতকাল শুক্রবার ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। মিলনায়তনটির উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান। অধ্যাপক ইমেরিটাস জামাল নজরুল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন, এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি জিয়াউদ্দিন খান, ট্রাস্টি সুরাইয়া ইসলাম, কবি সাংবাদিক আবুল মোমেন ও ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘ফুলকি শিশু শিক্ষার অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। অন্যান্য শিশু শিক্ষাপ্রতিষ্ঠানও ফুলকিকে অনুসরণ করতে পারে। এটা শিক্ষার জন্য মঙ্গলজনক হবে।’ মিলনায়তনের উদ্বোধন শেষে ভবনের পঞ্চম তলায় এ কে খান প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন করা হয়। প্রদর্শনী কেন্দ্রে প্রথম প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের ৩৪টি ছবি দিয়ে।