ফুলকির ছোটদের বৈশাখী মেলা শুরু

জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো ছোটদের বৈশাখী মেলা। বাংলা নববর্ষ উপলক্ষে শিশুশিক্ষা প্রতিষ্ঠান ফুলকি তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে।
গতকাল মঙ্গলবার বিকেলে ফুলকি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন কবি বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার ও রাশেদ রউফ। তাঁরা স্বরচিত ছড়াপাঠের মাধ্যমে মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি সাংবাদিক আবুল মোমেন। ধন্যবাদ জানান ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব শুরু হয় খেয়ালের মধ্য দিয়ে। এরপর একক ও সমবেত কণ্ঠে সংগীত পরিবেশন করে শিশুশিল্পীরা। শেষে শিশুরা পরিবেশন করে শ্রুতি নাটক জুতা আবিষ্কার।
ছোটদের বৈশাখী মেলায় বই ও কারুপণ্যের স্টল আছে। এ ছাড়া বিজ্ঞান প্রদর্শনী, ছোটদের খেলার আয়োজনও রাখা হয়েছে। মেলা আজ বিকেল সাড়ে চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এবং ১৪ এপ্রিল সকাল থেকে বেলা একটা পর্যন্ত চলবে।