ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম বরখাস্ত
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আজ রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়েছে।
এর আগে গত শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিমসহ ৩৪ জনের বিরুদ্ধে ফুলগাজী থানায় মামলা করে পুলিশ। উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মচারীকে মারধর ও নির্বাচনী কাজে বাধা দেওয়াসহ আরও কয়েকটি অভিযোগে এ মামলা করা হয়।
এরপরই আবদুল আলিমকে সাময়িক বরখাস্তের এই সিদ্ধান্তের কথা জানানো হলো।
কমিশন সচিবালয় সূত্র জানায়, দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ফুলগাজী ও পরশুরাম উপজেলার নির্বাচন কার্যালয় ঘিরে রাখে সন্ত্রাসীরা। এ অবস্থায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের অনেকে গত মঙ্গলবার জেলা প্রশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে যান। তার আগে থেকেই চেয়ারম্যান আবদুল আলিমের লোকজন জেলা প্রশাসকের দপ্তরের বাইরে অবস্থান নেন। বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের কয়েকজন জেলা প্রশাসকের দপ্তরে গেলে তাঁদের প্রবেশে বাধা দেওয়া হয়। এ সময় মারধর করা হয় ফুলগাজীর জিএম হাট ও আনন্দপুর ইউপির দুই চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ আলম ও মো. ফখরুদ্দিনকে। তাঁদের মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়া হয়। এ ছাড়া একই দিন ফুলগাজী উপজেলা সদরে বিএনপির কার্যালয়ে হামলা করে ভাঙচুর চালানো হয়। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসক আমিন আল আহসানের কাছে অভিযোগ করা হয়।
এসব ঘটনায় জেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ ফরিদ কমিশনে লিখিত অভিযোগ করেন। কমিশন অভিযোগের বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পায়। এরপর দুপুরে ফুলগাজীর সব কটি ইউপির (আমজাদ হাট, দরবারপুর, ফুলগাজী, জিএম হাট, মুন্সিরহাট ও আনন্দপুর) নির্বাচনের তফসিল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নজরে আসার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যানকে বরখাস্তসহ আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। ওই চিঠির পরই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আবদুল আলিমকে বরখাস্তের চিঠি নির্বাচন কমিশনের পাঠানো হয়।
আরও পড়ুন: