ফুলগাজী উপজেলা চেয়ারম্যানের প্রতিষ্ঠান থেকে চোরাই রড উদ্ধার
ফেনীর ফুলগাজী উপজেলায় নির্মাণাধীন থানা কমপ্লেক্স এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে পুলিশ চোরাই ৩০ টন রড উদ্ধার করেছে। ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হকের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান থানা ভবন নির্মাণের কাজ করছে। একরামুল যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ফেনী পৌরসভা যুবলীগের আহ্বায়ক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকা থেকে গত রোববার রাতে ট্রেইলারসহ (বড় ট্রাক) ৩৫ টন রড চুরি হয়। ফুলগাজী থানা কমপ্লেক্স থেকে উদ্ধার করা ওই ৩০ টন রড চোরাই রড বলে পুলিশ জানায়। পুলিশ সূত্র জানায়, গত রোববার রাত নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর নামক স্থানে চট্টগ্রাম থেকে ৩৫ টন রড নিয়ে একটি ট্রেইলর চট্টগ্রামের বিআরএসএম কারখানা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে চাকা পাংচার হয়ে আটকা পড়ে। টেইলরের চালক শিহাব উদ্দিন অতিরিক্ত চাকা আনার কথা বলে টেইলরটি হেলপারের জিম্মায় রেখে যান। পরদিন বিকেলে চালক চাকা নিয়ে এসে ট্রেইলরটি সেখানে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ১৭ আগস্ট মঙ্গলবার সকালে রড ছাড়া খালি টেইলরটি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরালগঞ্জ এলাকার পুরানা মহাসড়ক থেকে পুলিশ উদ্ধার করে। কিন্তু ট্রেইলরের চালকের সহকারী রশিদ মোল্লাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় চট্টগ্রামের শাহ আমানত ট্রান্সপোর্টের ব্যবস্থাপক বাদী হয়ে ওই দিন ফেনী থানায় একটি মামলা করেন। পুলিশ ট্রেইলরের চালক শিহাবকে আটকে জিজ্ঞাসাবাদ করে। চালকের বক্তব্য এবং বিভিন্ন সূত্রে খবর পেয়ে গত বৃহস্পতিবার রাতে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুলের নির্মাণাধীন ফুলগাজী থানা ভবন এলাকা থেকে পুলিশ ৩০ টন রড উদ্ধার করে। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন থানা কমপ্লেক্স নির্মাণের কাজে ব্যবহারের জন্য আনা চোরাই ৩০ টন রড উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন জানান, এগুলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকায় চুরি যাওয়া রড বলে পুলিশ নিশ্চিত হয়েছে। ঠিকাদার ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল ওই রড এখানে এনেছেন।যোগাযোগ করা হলে চেয়ারম্যান একরামুল দাবি করেন, নির্মাণাধীন থানা ভবনের ঠিকাদারি কাজটি তাঁর প্রতিষ্ঠানের। রডগুলো চোরাই কি না, তিনি জানেন না। রডগুলো ছাগলনাইয়ার সবুজ এন্টারপ্রাইজ তাঁকে সরবরাহ করেছে।