ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্রার্থিতা বাতিল
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক একরামের প্রার্থিতা বাতিল ও তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার ফেনীর নির্বাচন ট্রাইব্যুনাল ও ভারপ্রাপ্ত যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক আবুল হোসেন খোন্দকার এ রায় দেন।২০০৯ সালের ২২ জানুয়ারি ফুলগাজী উপজেলা পরিষদের নির্বাচনে একরামুল হক চেয়ারম্যান নির্বাচিত হন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউসিবিএল ব্যাংকের ঋণখেলাপি হয়েও একরামুল হক নির্বাচনে প্রার্থী হয়েছেন—মনোনয়নপত্র বাছাইকালে এ অভিযোগে তুলে তাঁর মনোনয়নপত্র বাতিলের আবেদন জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী। রিটার্নিং কর্মকর্তা কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে একরামুল হকের মনোনয়নপত্র বাতিল করেন। পরে একরামুল হক হাইকোর্টে রিট ও অন্তর্বর্তী আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি জয়লাভ করেন।নির্বাচন শেষে একরামুল হকের বিরুদ্ধে তথ্য গোপন, হলফনামায় মিথ্যা ও অসত্য তথ্য দেওয়ার অভিযোগসহ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ২০০৯ সালের ১১ মার্চ ফেনীতে নির্বাচন ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মামলা করেন মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী।উল্লেখ্য, মাহতাব উদ্দিন চৌধুরী বিএনপি-সমর্থিত ও একরামুল হক আওয়ামী লীগ-সমর্থিত।মাহতাব উদ্দিন চৌধুরী আদালতের রায়কে ন্যায়সংগত বলে উল্লেখ করেছেন। অন্যদিকে একরামুল হক বলেন, তিনি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।