ফুলগাজী থেকে অপহৃত ছাত্রী চট্টগ্রামে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী থেকে অপহৃত এক ছাত্রীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী গত ১০ নভেম্বর ফুলগাজীতে খালার বাড়িতে বেড়াতে আসে। পরে খালাতো ভাই বিজয় চন্দ্র ঘোষ তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে চট্টগ্রাম নিয়ে যায়। পরে তাকে ইচ্ছার বিরুদ্ধে একটি বাসায় আটকে রাখা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গত ২২ নভেম্বর ফুলগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গত বুধবার রাতে পুলিশ চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে।
ফুলগাজী থানার ওসি এম এম মুর্শেদ বলেন, গতকাল বৃহস্পতিবার আদালতে ওই ছাত্রীর জবানবন্দি রেকর্ড করা হয়। পরে ওই ছাত্রীকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে। তিনি জানান, ওই ছাত্রীর খালাতো ভাই পলাতক।