ফুলগাজীতে অগ্নিদগ্ধ সেই মাদ্রাসাছাত্রী মারা গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজীতে অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রী আকলিমা আক্তার (১৪) গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। তার পরিবারের সদস্যরা এ কথা জানিয়েছেন।১৬ জুন গভীর রাতে উপজেলার উত্তর দৌলতপুর গ্রামে দুর্বৃত্তরা আকলিমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। শরীরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় তার বড় ভাই মো. আসাদুর রহমান গত শুক্রবার রাতে তিন ব্যক্তিকে আসামি করে ফুলগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।ফুলগাজী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান চৌধুরী বলেন, আকলিমার ভাইয়ের দায়ের করা মামলায় নতুন ধারা যুক্ত হয়ে সেটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।উত্তর দৌলতপুর গ্রামের কাজী সফিকুর রহমানের মেয়ে আকলিমা আক্তার স্থানীয় দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। মামলার এজাহারে অভিযোগ করা হয়, মাদ্রাসায় আসা-যাওয়ার সময় কিসমত ঘনিয়ামোড়া গ্রামের মো. সুমন (২০), তাঁর সহযোগী উত্তর দৌলতপুরের মো. কামাল উদ্দিন (২৩) ও শান্ত সাহা (২০) আকলিমাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। আকলিমা বিষয়টি মাদ্রাসার একজন শিক্ষককে জানালে তাঁরা ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে ভয়ভীতি দেখান। এজাহারে বলা হয়, ১৬ জুন গভীর রাতে আকলিমা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে আগে থেকে ওত পেতে থাকা সুমন, কামাল, শান্তসহ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে জাপটে ধরে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় আকলিমার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রাতেই ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।আকলিমার বড় ভাইয়ের করা মামলায় মো. সুমন, কামাল উদ্দিন ও শান্ত সাহার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, এজাহারভুক্ত আসামিরা পলাতক থাকায় পুলিশ সুমনের ভাই মো. সোহাগ ও শান্ত সাহার বাবা জহর লাল সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল আটক করে থানায় নিয়ে গেছে।