ফুলগাজীতে অপহূত শিশু লাকসামে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজীতে আবদুল্লাহ আল মাহমুদ ওরফে দুরন্ত (৬) নামে অপহূত এক শিশুকে দুই দিন পর র‌্যাবের সদস্যরা কুমিল্লার লাকসাম থেকে উদ্ধার করেছেন। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ, র‌্যাব ও পারিবারিক সূত্র জানায়, ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের পেনাপুস্করনী গ্রামের ইতালি প্রবাসী আবদুস ছাত্তারের ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহমুদ গত ৩ ফেব্রুয়ারি বিকেলে বাড়ির পাশে মাঠে খেলতে যায়। সেখানে গেলে চকলেট কিনে দেওয়ার কথা বলে একই গ্রামের আবদুল আলিমের ছেলে রিফাত ও তাঁর ভাই অলি উল্যা আবদুল্লাহ আল মাহমুদকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অন্যত্র নিয়ে যান। ওই রাতেই ওই শিশুর মায়ের কাছে মুঠোফোন থেকে মুক্তিপণ হিসেবে ছয় লাখ টাকা দাবি করা হয় এবং পুলিশ বা র‌্যাবকে বিষয়টি জানানো হলে ছেলের লাশ পাওয়া যাবে বলে হুমকি দেওয়া হয়। শিশুটিকে না পেয়ে তার চাচা শাহাদাত হোসেন ফুলগাজী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ছাড়া বিষয়টি র‌্যাব-৭ ফেনী ক্যাম্পে জানানো হয়।
গত বুধবার সন্ধ্যায় র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মহিউদ্দিনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা কুমিল্লার লাকসাম এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে ফেনী ক্যাম্পে নিয়ে যান। সেখানে ওই শিশুর বক্তব্য শোনার পর র‌্যাব সদস্যরা পেনাপুস্করনী গ্রামের আবদুল আলিমের বাড়ি গিয়ে তাঁর স্ত্রী জাহানারা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেন। এ সময় তাঁর ছেলে রিফাত ও অলি উল্যা এবং মেয়ে সাহিদা আক্তার পালিয়ে যান।
অপহরণের ঘটনায় শিশুর চাচা শাহাদাত হোসেন চারজনকে আসামি করে ফুলগাজী থানায় মামলা করেছেন।