ফুলগাজীতে অবৈধ চকলেট বোমাসহ আসামি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা সদরে একদল দুর্বৃত্ত সড়কে অবরোধ সৃষ্টি করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করে এবং আমদানিনিষিদ্ধ ভারতীয় চকলেট বোমাসহ এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে। এ সময় দুর্বৃত্তরা যাত্রীবাহী একটি বাসসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর গোয়েন্দা পুলিশ (ডিবি) ফুলগাজী উপজেলা সদরের মমতা কনফেকশনারি নামক একটি দোকানে অভিযান চালিয়ে ১৫ বস্তা আমদানিনিষিদ্ধ ভারতীয় চকলেট বোমা উদ্ধার এবং দোকানমালিক রনি কুমার সাহাকে গ্রেপ্তার করে। পুলিশ চকলেট বোমা ও আসামি রনি কুমার সাহাকে তাদের জিপগাড়িতে তুলে ফেনীর দিকে রওনা হলে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী বাজারের ওপর একদল দুর্বৃত্ত টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। আসামিসহ পুলিশের জিপগাড়ি সেখানে পৌঁছার পর তারা পুলিশের গাড়িতে হামলা ও কাচ ভাঙচুর করে আসামি রনি কুমার সাহাকে এবং বেশ কিছু চকলেট বোমা জোর করে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা একটি যাত্রীবাহী বাসসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।