ফুলগাজীতে উপজেলা নির্বাচন কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজীতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আজ বুধবার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।

সংঘর্ষ চলাকালে তিনটি নির্বাচনী ক্যাম্প, একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ২১টি গুলি ছোড়ে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে তারুর দোকান নামক স্থানে বিএনপি-সমর্থিত প্রার্থী মাহতাব উদ্দিন চৌধুরী মিনারের কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী একরামুল হকের কর্মীদের বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে একরামুল হকের নির্বাচনী অফিসের কাজে ব্যবহূত একটি মাইক্রোবাসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে প্রতিপক্ষের লোকজন। এর জের ধরে একরামুল হকের সমর্থকেরা সেখানে বিএনপি-সমর্থিত প্রার্থী মাহতাব উদ্দিনের নির্বাচনী কার্যালয় ও দুটি দোকানে হামলা-ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এ ছাড়া আনন্দপুরে মাহতাব উদ্দিনের বাড়িতেও হামলার চেষ্টা করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারুর দোকান এলাকায় পুলিশের সঙ্গে মাহতাব উদ্দিনের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে পাঁচ-ছয়টি ককটেল ছোড়েন মাহতাব উদ্দিনের সমর্থকেরা। তাঁদের ছত্রভঙ্গ করতে শটগানের ২১টি গুলি ছোড়ে পুলিশ।

এসব ঘটনার জের ঘরে মাহতাব চৌধুরীর সমর্থকেরা হাসানপুর বোর্ড অফিস এলাকায় একরামুল হকের একটি নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়ে দেন। এতে সেখানে থাকা দুটি মোটরসাইকেলও পুড়ে যায়।

এ ছাড়া বিএনপির সমর্থকেরা মুন্সিরহাট বাজারে একরামুল হকের একটি নির্বাচনী ক্যাম্পের চেয়ার-টেবিল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।

এ ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে একরামুল হক ও মাহতাব উদ্দিন সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ প্রথম আলোকে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেনী সদর থেকে ফুলগাজীর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহল অব্যাহত রয়েছে।