ফুলগাজীতে ছাত্রীদের ছবি তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুলছাত্রীদের ছবি তোলাকে কেন্দ্র করে বখাটেদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। এ ছাড়া বখাটেরা তিনটি বাড়ি ও পাঁচটি দোকান ভাঙচুর করেছে। এ সময় গ্রামবাসী এক বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় ছুটির পর ছাত্রীরা বাড়ি ফেরার পথে উপজেলার বদরপুর পুলের ওপর বসে কয়েকজন বখাটে মুঠোফোনে তাদের ছবি তোলে। খবর পেয়ে ওই শিক্ষার্থীদের স্বজনেরা সেখানে গিয়ে ছবি তোলার প্রতিবাদ করে। একপর্যায়ে বখাটেদের সঙ্গে তাদের তর্কবিতর্ক ও সংঘর্ষ বেধে যায়। এতে বখাটেদের খুরের আঘাতে মো. মোস্তফা, মো. বাবু, মো. শাহেদ, ছায়েদুল হকসহ কমপক্ষে পাঁচজন আহত হয়। এদিকে বখাটেরা সন্ধ্যায় আবারও দলবদ্ধ হয়ে বদরপুর বাজারে হামলা করে পাঁচটি দোকান ও তিনটি বসতঘর ভাঙচুর করে। পরে গ্রামবাসী বখাটেদের ধাওয়া করে শান্ত দত্ত (২০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।